প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ২১:০৪ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ২১:৩৬
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় রোববার রাতেই বিমানবন্দর থানায় ৬–৭ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন ডিএল পেট্রোল পাম্পটির ম্যানেজার মো. আব্দুল করিম।
আজ সোমবার সন্ধ্যায় সমকালকে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ।
উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পটির মালিক ইয়াছিন মোহাম্মদ বি আজিম খান ও তাসীন আক্তার হক। তাসীন আক্তার হক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই বলে সমকালকে জানান পাম্পটির ম্যানেজার মো. আব্দুল করিম। তাসীন আক্তার হকের মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। খুরশীদ জাহান হক বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১-১৯৯৬ মেয়াদে তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পরে ১৯৯৬-২০০১ এবং ২০০২-২০০৬ মেয়াদে দিনাজপুর সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মামলায় অভিযোগে বলা হয়েছে, গত রোববার সকালে পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ড ভ্যানের চালক খোরশেদসহ টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার সামনে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন তাদের কাভার্ড ভ্যানের গতিরোধ করে। পরে পিস্তল দিয়ে ভয় দেখানো ও আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। সেলিমুজ্জামান, খোরশেদসহ আশেপাশের লোকজনের সহায়তায় আল আমিনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান।
পাম্পের ম্যানেজার আব্দুল করিম সোমবার রাতে সমকালকে বলেন, ‘ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার লেনদেন হয়। বিক্রির টাকা পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দেওয়ার জন্য নেওয়া হয়। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় দুই দিনের টাকা রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।’
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে সোমবার রাত পর্যন্ত ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক বেগ সমকালকে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- তারেক রহমান
- ছিনতাই
- ডিএমপি