নূর হোসেনকে 'ইয়াবাখোর' বলার প্রতিবাদ পরিবারের
ছবি: সমকাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৫:৩১ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ | ০৬:০৮
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে 'ইয়াবাখোর, ফেন্সিডিলখোর' বলায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপির সংসদ থেকে পদত্যাগের দাবি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে শহীদ নূর হোসেনের পরিবার।
নূর হোসেনের মামা কালা চান বলেন, নূর হোসেন গণতন্ত্রের প্রতীক। রাঙ্গা তাকে যে কথা বলেছেন জনগণ তার বিচার করবে। এমন মন্তব্য করার পর তার আর সংসদ সদস্য থাকার যোগ্যতা নেই। আমরা তার পদত্যাগ চাই।
অবস্থান কর্মসূচিতে নূর হোসনের মা মরিয়ম বিবি, তিন ভাই আলী হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, বোন সাহানা বেগম, তাদের সন্তানেরাসহ অনেকে অংশ নেন৷
