ট্যাড়া চোখ ও শিশুর চোখের যত্ন
ডা. আহসান কবির
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
অনেক শিশু চোখে জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। এসব নিয়ে অভিভাবকরা সবসময় চিন্তিত থাকেন। এ ছাড়াও শিশুর চোখে নানা ধরনের সমস্যা হতে পারে, যার মধ্যে ‘ট্যাড়া চোখ’ একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা।
ট্যাড়া চোখ মানে কী?
যখন আমরা সামনে থেকে চোখের দুটি কালো অংশ সমানভাবে ডানে-বাঁয়ে ঘুরতে না দেখি, তখনই তাকে ট্যাড়া চোখ বলা যায়। সামান্য হলে অনেকেই একে ‘লক্ষ্মীট্যাড়া’ বলে থাকেন, যা আদৌ কোনো ভালো লক্ষণ নয়; বরং এটি একটি চিকিৎসাগত সমস্যা।
চোখ কেন ট্যাড়া হয়?
প্রতিটি চোখকে ডানে-বাঁয়ে এবং ওপর-নিচে ঘোরাতে চোখের চারপাশের ছয়টি মাংসপেশি দায়িত্ব পালন করে। যদি কোনো কারণে এই মাংসপেশিগুলোর কার্যক্ষমতায় ভারসাম্য নষ্ট হয়, তখনই চোখ ট্যাড়া হয়ে যায়।
চোখ ট্যাড়া হওয়ার সম্ভাব্য কারণগুলো হলো:
l স্নায়ুগত সমস্যা (যেমন: মস্তিষ্কের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ স্নায়ুতে কোনো সমস্যা হলে)।
l চোখে যেকোনো ধরনের আঘাত পাওয়া।
l চোখের দৃষ্টিশক্তি বা প্রতিসরণজনিত
সমস্যা ।
l চোখের আশপাশে বা পেছনে টিউমার হওয়া।
l হঠাৎ প্রচণ্ড উচ্চমাত্রায় জ্বর হওয়া।
l বংশগত বা পারিবারিক ইতিহাস।
l কর্নিয়া বা নেত্রস্বচ্ছ ঘোলা হওয়া, লেন্সের ছানি বা রেটিনার সমস্যা।
l শরীরের কিছু বিপাকীয় রোগ ইত্যাদি।
কী করতে হবে?
জন্মের পর থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুর চোখের দিকে বিশেষ খেয়াল রাখুন। তার কোনো চোখ ট্যাড়া হচ্ছে কিনা লক্ষ্য করুন। এ ধরনের সমস্যা দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখতে হবে, শিশুর দৃষ্টি বা চোখসংক্রান্ত এ ধরনের সমস্যা পাঁচ বছর বয়সের মধ্যেই সমাধান করে নেওয়া অত্যন্ত জরুরি। চিকিৎসক প্রয়োজনবোধে চশমা দিতে পারেন, চোখের বিশেষ ব্যায়াম বা কোনো একটি চোখ সাময়িক বন্ধ (Patching) রাখতে বলতে পারেন। ক্ষেত্রবিশেষে এসব পদ্ধতিতে অবস্থার উন্নতি না হলে চিকিৎসক অপারেশনের পরামর্শ দিতে পারেন। অপারেশন বা সার্জারির কথা শুনলে ঘাবড়ানোর কিছু নেই। অনেক অভিভাবক এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগেন, যা ঠিক নয়। এটি একটি অত্যন্ত সাধারণ সার্জারি, যার মাধ্যমে ট্যাড়া চোখ সম্পূর্ণ ঠিক করা সম্ভব। মনে রাখবেন, আপনার সময়মতো নেওয়া সঠিক সিদ্ধান্তই শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে এবং তাকে সামাজিক হীনম্মন্যতা থেকে রক্ষা করবে।
[ চক্ষু বিশেষজ্ঞ ও ফেকো সার্জন, যশোর চক্ষু ক্লিনিক।]
- বিষয় :
- চোখের স্বাস্থ্য