ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এডিপি বাস্তবায়নের হার কিছুটা বেড়েছে

এডিপি বাস্তবায়নের হার কিছুটা বেড়েছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ০৬:৫২

| প্রিন্ট সংস্করণ

দেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা কিছুটা কেটেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বেড়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে এডিপি বাস্তবায়নের হার ৮ দশমিক ৩৩ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। গতকাল বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো কতটা প্রয়োজনীয় তা পর্যালোচনা করছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ প্রক্রিয়ায় অনেক প্রকল্প বাদ পড়েছে। স্থগিত রাখা হয়েছে কিছু প্রকল্প। আবার কিছু প্রকল্পের বরাদ্দ কমানো হয়েছে। এসব কারণে গত দেড় বছর ধরে উন্নয়ন কর্মকাণ্ডে গতিহীন হয়ে পড়ে। গত ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল এযাবৎকালের মধ্যে সর্বনিম্ন। যা ছিল ৬৮ শতাংশেরও কম। চলতি অর্থবছরের প্রথম তিন মাসেও সেই ধারাবাহিকতা অব্যাহত ছিল। সে অবস্থা থেকে অক্টোবরে এসে এডিপি বাস্তবায়নের হার কিছুটা বাড়ল। 

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উন্নয়ন কর্মকাণ্ডে স্থবিরতা নিয়ে সরকারের মধ্যে উদ্বেগ ছিল। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে এডিপি বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের হার বাড়ানোর জন্য বিশেষ নজরদারি চলছে। বাস্তবায়নের গতি বাড়াতে মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সেখানে বাস্তবায়নের গতি বাড়াতে বিভিন্ন পরমার্শ দেওয়া হয়। অর্থছাড়সহ অন্যান্য প্রক্রিয়ায় সব ধরনের জটিলতা এড়ানোর কথা বলা হয়েছে। সরকারি ক্রয়-সংক্রান্ত নতুন আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এতে শতভাগ ক্রয় অনলাইনভিত্তিক করা হয়েছে। এসব উদ্যোগের সুফল মিলবে বলে আশা করা হচ্ছে।  

আইএমইডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে এডিপিতে ব্যয় হয়েছে ১৯ হাজার ৮৭৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২১ হাজার ৯৭৮ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে ব্যয় হওয়া অর্থের পরিমাণ ছিল ৩১ হাজার ৬৯২ কোটি টাকা। বাস্তবায়নের হার বাড়লেও টাকার অঙ্কে তা বেশ কম। যার বড় কারণ বিভিন্ন খাতে অপ্রয়োজনীয় বরাদ্দ কমিয়ে নিয়ে আসা। 

চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে দুই লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। সংশোধনের পর অর্থাৎ আরএডিপিতে এই বরাদ্দ আরও কমতে পারে। গত অর্থবছরের আরএডিপি ছিল দুই লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি টাকার। 
আইএমইডির তথ্য বিশ্লেষণে দেখা যায়, একক মাস হিসেবে অক্টোবরে খরচ হয়েছে সাত হাজার ৭২০ কোটি টাকা। বাস্তবায়নের হার ৩ দশমিক ২৩ শতাংশ, গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১৫ শতাংশের তুলনায় বেশি। চলতি অর্থবছরে এক হাজার ১৯৮টি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে এক হাজার ১৫টি বিনিয়োগ প্রকল্প। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন থেকে গত চার মাসে খরচ হয়েছে ১০ হাজার ৮১০ কোটি টাকা, বিদেশি ঋণ থেকে খরচ হয়েছে সাত হাজার ৭৮২ কোটি টাকা, মন্ত্রণালয়গুলোর নিজস্ব অর্থায়ন হয়েছে ১১৮৭ কোটি টাকা।  
খাতভিত্তিক ব্যয় বিশ্লেষণে দেখা যায়, অর্থবছরের প্রথম চার মাসে সবচেয়ে বেশি চার হাজার ৯৬১ কোটি টাকা অর্থ খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ। অন্যদিকে মাত্র ৭৭ কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

আরও পড়ুন

×