মক্কায় খাদ্য সরবরাহে যুক্ত হচ্ছে শপআপ
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:১৭
| প্রিন্ট সংস্করণ
শপআপ তাদের বৈশ্বিক কার্যক্রম বিস্তারের একটি ঘোষণা দিয়েছে। সৌদি আরবভিত্তিক ব্র্যান্ড ‘সারি’ এবং পবিত্র মক্কা মিউনিসিপ্যালিটির বিনিয়োগ শাখা ‘আল-বালাদ আল-আমিন টেকনোলজিস’-এর মধ্যে এক কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারিত্বের আওতায় একটি নতুন যৌথ উদ্যোগ প্রতিষ্ঠিত হয়েছে, যার লক্ষ্য মক্কা নগরীর খাদ্য সরবরাহ ব্যবস্থাকে সংগঠিত ও স্থিতিশীল করতে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা। শপআপের মূল প্ল্যাটফর্ম ‘সিল্ক’-এর বিশ্বব্যাপী বাণিজ্য অবকাঠামো তৈরির লক্ষ্য বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিটুবি সরবরাহ শৃঙ্খল খাতে শপআপ-এর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হজ ও ওমরাহ মৌসুমের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হবে। শপআপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যৌথ উদ্যোগটি খাদ্য সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম স্থাপন করবে। ফলে ক্যাটারিং কন্ট্রাক্টর এবং সরবরাহকারীরা একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ কাঠামোর মাধ্যমে তাদের অর্ডার পরিচালনা করতে পারবেন। পণ্যের উৎস নিশ্চিতকরণ এবং কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই প্ল্যাটফর্ম প্রতি বছর লাখ লাখ হাজির জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত খাদ্যসেবা নিশ্চিত করবে।
বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পণ্য সংগ্রহ প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করার লক্ষ্য নিয়ে শপআপ যাত্রা শুরু করেছিল। বর্তমানে ‘সিল্ক’ প্ল্যাটফর্মের অধীনে শপআপ তাদের কারিগরি ও ব্যবসায়িক দক্ষতা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্য হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে।
প্রাথমিক পর্যায়ে প্ল্যাটফর্মটি সৌদি আরবের স্থানীয় সরবরাহ ব্যবস্থার ওপর গুরুত্ব দেবে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আন্তর্জাতিকভাবে বাণিজ্যের পথ উন্মুক্ত করবে। প্ল্যাটফর্মটি পূর্ণতা পেলে এটি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সরবরাহকারীদের জন্য একটি নিয়ন্ত্রিত ও সমন্বিত মাধ্যম হিসেবে কাজ করবে, যার মাধ্যমে তারা সরাসরি হজ ও ওমরাহ সংশ্লিষ্ট ক্যাটারিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হতে পারবেন।
- বিষয় :
- খাদ্যপণ্য
