বিজ্ঞান বিতর্ক উৎসবে অতিথিরা
পাঠ্যবইয়ের বাইরের শিক্ষাই আত্মবিশ্বাস গড়ে দেয়
বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতা গতকাল বুধবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয় সমকাল
সমকাল ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১১:৪১
| প্রিন্ট সংস্করণ
পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে যারা নিজেদের সমৃদ্ধ করবে, ভবিষ্যতের বাস্তব জীবনে তারা এগিয়ে থাকবে। বিতর্ক উৎসবে অংশগ্রহণ শিক্ষার্থীদের ব্যক্তিজীবনে সম্পদ হয়ে থাকবে। ছাত্রজীবনে যারাই এভাবে নিজেদের এসব কার্যক্রমে যুক্ত করে এসেছেন, কর্মজীবনে তাদের কথা বলার জড়তা কেটে যায়। যে কোনো আলোচনার আসরে তারা মধ্যমণি হয়ে থাকেন।
গতকাল বুধবার বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে এসব কথা বলেন অতিথিরা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে এদিন খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কক্সবাজার ও বান্দরবানে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতি জেলার আটটি দল অংশ নেয়।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।
খাগড়াছড়িতে চ্যাম্পিয়ন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল
খাগড়াছড়িতে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল এবং রানার্সআপ হয় দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের ইলমুল হক নোহা সেরা বক্তা নির্বাচিত হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খাগড়াছড়ি ডিবেটিং সোসাইটির সভাপতি অধ্যাপক দুলাল হোসেন।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল, টিউফা আইডিয়াল হাই স্কুল ও এপিবিএন উচ্চ বিদ্যালয়।
নোয়াখালীতে সেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বেগম রোকিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিতর্কে চ্যাম্পিয়ন নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দিবা শাখা চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখা। বিজয়ী দলের যাহরা বিনতে রহমান মাহনুর সেরা বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হুমায়ন রশিদ, অধ্যক্ষ আবুল বাসার, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
লক্ষ্মীপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল। বিজয়ী দলের নূরে জান্নাত তানহা সেরা বক্তা নির্বাচিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি একাডেমি, লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ।
হবিগঞ্জে সেরা শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি
হবিগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি এবং রানার্সআপ হয় সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী দলের বসুন্ধরা দাস বিন্দু সেরা বক্তা নির্বাচিত হয়। প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিএসসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় (পুটিজুরী), বহুল্যা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
সিলেটে চ্যাম্পিয়ন অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়
সিলেটে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং রানার্সআপ হয়েছে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী দলের ইসরাত জাহান মজুমদার সেরা বক্তা নির্বাচিত হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন উৎসবের উদ্বোধন করেন এবং সমাপনী পর্বে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্কলার্স হোম মেজরটিলা, নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ, স্টুডেন্ট হোম স্কুল অ্যান্ড কলেজ, পিডিবি হাইস্কুল ও কাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়।
সুনামগঞ্জে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
সুনামগঞ্জের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের পূর্বাপাল সেরা বক্তা নির্বাচিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, এইচএমপি উচ্চ বিদ্যালয়, আমবাড়ি উচ্চ বিদ্যালয়, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও বিয়াম ল্যাবরেটরি স্কুল।
কক্সবাজারে সেরা বাঁকখালী উচ্চ বিদ্যালয়
কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিতর্কে চ্যাম্পিয়ন রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। বিজয়ী দলের নন্দিতা বড়ুয়া ফ্লোরা সেরা বক্তা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়, চাকমারকুল উচ্চ বিদ্যালয়, মনছুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়, ফিউচার লিডার্স স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার ডিবেট স্কুল ও মো. ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়।
বান্দরবান আইডিয়াল স্কুল চ্যাম্পিয়ন
বান্দরবানে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান আইডিয়াল স্কুল এবং রানার্সআপ হয়েছে বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের বিতার্কিক লি লি শৈ মারমা সেরা বক্তা নির্বাচিত হন। সমাপনী পর্বে প্রধান অতিথি দুদক জেলা কমিটির সভাপতি অংচ মং মারমাসহ অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ডন বস্কো বিদ্যালয় ও সাঙ্গু উচ্চ বিদ্যালয়।
(সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধির পাঠানো তথ্য)
- বিষয় :
- উৎসব পালন