ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রস্তুতি না থাকলে ছিটকে যেতে হয়: তৌসিফ

প্রস্তুতি না থাকলে ছিটকে যেতে হয়: তৌসিফ
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০০:২৯

তৌসিফ মাহবুব। তারকা অভিনেতা ও মডেল। সম্প্রতি ঈদের জন্য নির্মিত 'কেন' নামে একটি টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ব্যস্ত আরও কয়েকটি নাটক ও টেলিছবির কাজ নিয়ে। এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

কাজের অভিজ্ঞতায় অন্য টেলিছবিগুলো থেকে 'কেন' কতটা আলাদা বলে মনে হয়েছে?

এই টেলিছবিতে গল্প বলার ধরনই আলাদা। এখানে দুই প্রজন্মের দুটি পৃথক সম্পর্কের গল্প বলা হয়েছে। প্রতিটি সম্পর্কের মধ্যে ভিন্ন ধরনের টানাপোড়েন এখানে ফুটিয়ে তুলেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এ কাজটি করেছিলাম গত ফেব্রুয়ারিতে। করোনা শুরু হওয়ার আগেই এর শুটিংয়ে অংশ নিয়েছিলাম। গেল রোজার ঈদের জন্য টেলিছবিটি নির্মাণ করা হলেও এবারের আরটিভিতে প্রচার হবে এটি। যা হোক, একটু দেরিতে হলেও দর্শক ভিন্ন ধরনের একটি কাজ দেখার সুযোগ পাচ্ছেন- এটাই বড় কথা।

এবারের ঈদের জন্য আর কী কী কাজ করেছেন?

ইমরাউল রাফাতের পরিচালনায় 'নিউলি ম্যারিড' নামে একটি নাটকের কাজ শেষ করেছি। 'গোল্লাছুট' ইউটিউব চ্যানেলের জন্য এটি বানানো হয়েছে। এতে আমার বিপরীতে দেখা যাবে সাফা কবিরকে। আন্তরিকতা নিয়ে গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এ ছাড়া রাফাতের নির্দেশনায় অনেক নাটকে কাজ করেছি। সেসব নাটকে অভিনয়ের জন্য ভালো সাড়াও পেয়েছি। আশা করছি, এটিও দর্শকের ভালো লাগবে।

তারুণ্যনির্ভর গল্পের বাইরে আপনাকে অভিনয়ে কম দেখা যায়, এর কারণ কী?

তারুণ্যনির্ভর নাটকে বেশি অভিনয় করতে চেয়েছি, তা কিন্তু নয়। গত কয়েক বছর বহুমুখী চরিত্রে অভিনয় করে নিজেকে ভাঙার চেষ্টা করছি। একজন অভিনেতার সব ধরনের চরিত্রেই অভিনয়ের আকাঙ্ক্ষা থাকে। আমিও সেভাবে নিজেকে তৈরি করছি। কিন্তু এটাও ঠিক যে, দর্শকের পছন্দের কথা ভেবে নির্মাতারা তারুণ্যের গল্প নিয়ে নাটক বেশি নির্মাণ করছেন। যে জন্য আমারও অনেক কাজ করা হয়েছে। আমার অভিনীত অনেক চরিত্র নিয়েও দর্শক ভালো লাগার কথা জানিয়েছেন। নিজেও তারুণ্যনির্ভর নাটক পছন্দ করি।

ইউটিউবকে অনেকে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে বিবেচনা করেন। আপনি কী ভাবেন?

আমিও এটা ইতিবাচকভাবেই দেখছি। কারণ, দর্শক যা পছন্দ করেন, সেটি তারা ইউটিউবে বেশি দেখেন। নির্মাতারাও ইউটিউবকে মাথায় রেখে অনেক কন্টেন্ট নির্মাণ করছেন। ইউটিউবের ফলে কিন্তু বিনোদনের নতুন একটি ধারা যুক্ত হলো। শুধু তারকাশিল্পী নয়, অনেক অপরিচিত শিল্পীও তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাচ্ছেন এখানে। তবে কিছু বাজে কন্টেন্টও যে জনপ্রিয়তা পাচ্ছে, তা অস্বীকার করব না। তবে, ভালো কাজের সংখ্যাই কিন্তু বেশি। মানসম্মত কাজ উপহার দিলে যে কোনো মাধ্যম থেকেই দর্শক তা গ্রহণ করে।

সমসাময়িক অনেকেই সিনেমায় অভিনয় করছেন। আপনার কোনো পরিকল্পনা আছে?

এখন সিনেমা নিয়ে ভাবছি না। নাটক নিয়েই অনেক পরিকল্পনা রয়েছে। আরও ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে চাই। তবে সিনেমা একবারে করব না, এমনটি নয়। ভালো গল্প ও চরিত্র পেলে এক বছর পরে সিনেমার অভিনয় নিয়ে ভাবব। আপাতত নাটক ঘিরেই আমার ধ্যান-জ্ঞান।

‌অভিনয়ের প্রায় ৭ বছর পার করলেন। এই এত দিনে আপনার অনুভূতি কেমন?

আমি অভিনয় শিখে আসিনি। প্রথম নাটক থেকে আজও শিখতে শিখতে এগোচ্ছি। প্রতিনিয়ত অনেক অনেক বই পড়ছি, ছবি দেখছি। বড় বড় অভিনেতার অভিনয় দেখছি। কারণ, অভিনয়ে প্রস্তুতি না থাকলে ছিটকে যেতে হয়। আর এই সাত বছরে আমি আজকের তৌসিফ মাহবুব হতে পেরেছি। লাখো দর্শকের ভালোবাসা পেয়েছি। এক জীবনে আর কী লাগে?

আরও পড়ুন

×