ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শরৎ ও আমার নানা রঙের দিন

শরৎ ও আমার নানা রঙের দিন
×
×

এই নাও, তোমাদের জন্য শরতের কাশফুল...

রুদ্রদীপ পাল

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৭:৩৭ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ০৮:৫০

| প্রিন্ট সংস্করণ

আমার প্রিয় ঋতু শরৎকাল। এই ঋতুকে ভালো লাগার অনেক কারণ আছে। এ সময় কখনও রোদ, কখনও বৃষ্টি! কখনও আবার শিয়াল মামার বিয়ে দিতে রোদ-বৃষ্টি একসঙ্গেই দেখা যায়। শুধু কী তাই? নীল আকাশে মেঘগুলোও কাশবনে লুকোচুরি খেলে। শরতে চারদিকে নতুন রূপে সেজে ওঠে প্রকৃতি; যা অন্যকোনো ঋতুতে তেমন দেখা যায় না। ফড়িং বন্ধুরা, আমার কাছে মনে হয় শরতের সবচেয়ে বড় আকর্ষণ কাশফুল। এ সময় নদীর ধারে, পুকুর পাড়ে, খোলা জায়গায়, মাঠের পাশে, ফসলের জমির ধারে ও উঁচু জায়গায় কাশফুল ফুটতে দেখা যায়। কাশফুলে বাতাসের দোল খাওয়া দেখতে খুবই ভালো লাগে আমার। শরতের সাদা মেঘে ভেসে বেড়ানোর দৃশ্য দেখে উড়ে যেতে ইচ্ছে করে মেঘের রাজ্যে। মজার বিষয় হচ্ছে–শরৎ এলেই রোজ বিকেলে হারিয়ে যাই আমি! মা অনেক খোঁজাখুঁজি করে আমাকে বাড়ি ফেরান। আবার একটু বকাও খেতে হয়। কারণ? পাশের গ্রামের খালি মাঠে শরতের বিকেলে ধবধবে সাদা কাশবনের ভেতরে বিকেলে বন্ধুদের নিয়ে খালি পায়ে দৌড়াদৌড়ি করি এবং লুকোচুরি খেলতে খেলতে ঘরে ফেরার কথা ভুলেই যাই। এই শরতে সকালে ঘুম থেকে উঠেই আমাদের বাগানের গাছতলায় ঝরে পড়া শিউলি ফুল কুড়ানো মজাই আলাদা। বলে বোঝানো যাবে না। আবার, ভাদ্র মাসে মায়ের হাতে বানানো মজার তালের পিঠা খেতে ভারি মজা। আরও কত্তো কী! এমনি করে আমার প্রিয় শরতের রঙিন দিনগুলো আনন্দে কেটে যায়।

বয়স: ১+২+২+৩‍ বছর; দ্বিতীয় শ্রেণি, টংগিবাড়ী সানরাইজ কিন্ডারগার্টেন, মুন্সীগঞ্জ 
 

আরও পড়ুন

×