ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পদাবলি

রুস্তমের তলোয়ার

রুস্তমের তলোয়ার
×

মাসুদ আনোয়ার

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৯:৫১

আরব বসন্তে নয়, বসন্ত সংঘাতে নয় দাঁড়িয়েছি অন্য এক যুদ্ধে
নিজের বিরুদ্ধে
সোহরাব, তুমি জান, জ্ঞানের অপেক্ষা বড় শত্রু আর নেই
যত কম জানে রুস্তমের তলোয়ার, ততই ঝলসে ওঠে ক্রোধে
তুমি একটু বেশি জেনে আটকে গেছ অন্য এক অসহায় বোধে।

পৃথিবীতে অহেতুক ফুল পাখি গানের আলাপ শিশুমুখ মেঘের মিছিল
সমুদ্র সুনীল
প্রতি ইঞ্চি মাটি আকাশ জঙ্গল জলরাশি বৈশ্যকরতলগত লাভলুব্ধ অঙ্ক
তবু ধারাপাত ভুলে মাঝে মাঝে খড়িমাটিহাত কাঁপে উদাসী বিভায়
কোথাও কঠিন পাহাড়ের পাথরের বুক পরিপূর্ণ হয়ে ওঠে কোমল ধারায়।
আমাদের নক্ষত্রের রাত, ভোরের বাতাস, রোদেলা দুপুর ভর সন্ধ্যার আবেগ
যুক্তিহীন মেঘ
পুরোনো বিষণ্ণতা, প্রিয় নির্জনতা, গৃহত্যাগী সুখ চলে গেছে বাস্তব জোয়ারে
কূলপ্লাবী ঘোলা স্রোত, করপোরেট কাল, কূট করমর্দনে সিক্ত স্থিতিশীল
মহাদেশে মহাদেশে রাজনৈতিক ব্যস্ততায় মৃত্যুময় শান্তির মিছিল।

প্রেমের জন্যে যুদ্ধ নাকি যুদ্ধের জোরেই প্রেম পৃথিবীর আদিকাল থেকে অনিশ্চিত
এক প্রশ্নাতীত
উত্তর খুঁজেছে মানুষ. রাজ্যের সীমানা ছেড়ে তার পর নৈরাজ্যে মেতেছে
সোহরাব তোমারও তো হাতে তলোয়ার, তবু কোমল হাতের টানে
বোঁটা থেকে ছিঁড়ে নাও ফুল
অথচ পারস্য জুড়ে আজতক শাহনামা গুলে খায় মহাবীর রুস্তমের ভুল।

আরও পড়ুন

×