ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পদাবলি

আলোর অভিষেক

আলোর অভিষেক
×

ফাইল ছবি

রুবী রহমান

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৯:৫১

ভেবেছি কবি জন কিট্‌সের মতো
আবহাওয়া পক্ষে পেলে কবিতা হবে কত!
কিন্তু পথে বেরিয়ে দেখি এ যে গোলক ধাঁধা
রাস্তাজুড়ে খানাখন্দ কাদা
দিনের আলো অন্ধকারে কুজ্ঝটিকায় ঢাকা
বাজ পড়ছে থেকে থেকে দিগন্ত মেঘ-ডাকা
রাস্তাঘাটে সাপখোপ আর কাঁকড়া বিছের দল
নগরটাকে করে তুলেছে আফ্রিকা জঙ্গল
জন্তুগুলো ঘুরছে ফিরছে সারা শহর জুড়ে
সদরঘাটে, ফুলার রোডে, আবদুল্লাপুরে
ওদের থাবা, নখের ধারে কবিতা-কল্পনা
মাথায় উঠলো। সভ্যতার আহা রে লাঞ্ছনা!
মুহুর্মুহু বিজলি-রেখা পথটি খুঁজে মরি
অন্ধকার হোক না গাঢ় নয় এ শর্বরী
গাড়লগুলোর লেজের বাড়ি, বিষাক্ত নিঃশ্বাস
সহ্য করি। ফুটবে আলো মনে এ বিশ্বাস
যুদ্ধটা যে জিততে হবে মনের জোরে অমোঘ আশ্বাসে
জন্তুগুলো নির্লজ্জ। হোক না। তবু মানুষ আছে পাশে।
ওরে সবাই দেখে এবার শেখ
অন্ধকারকে উড়িয়ে দিয়ে শুরু হলো আলোর অভিষেক

আরও পড়ুন

×