সরকার কতটা সংস্কারের পথে
ফাইল ফটো
মো. মোস্তাফিজার রহমান
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৭:৫০ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ২১:৫৫
| প্রিন্ট সংস্করণ
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায়, মানুষের অধিকার পূরণের লক্ষ্যে, গণতন্ত্রকে সুসংহত করা এবং কর্তৃত্ববাদী শাসন অবসানের প্রয়োজনে রাষ্ট্র সংস্কারের দাবি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনমনে আসন পেতে বসেছে। জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটের ফলাফলে তার প্রমাণ মেলে। সুদূর অতীত থেকে মুক্তিকামী মানুষ বারবার সংগঠিত হয়ে মরণকে বরণ করেছে। মানুষ তার আত্মদান তথা অভ্যুত্থানের ফসল কখনোই পুরাপুরি ঘরে তুলতে পারেনি। কোনো না কোনোভাবে অভ্যুত্থান-পরবর্তীকালে সুবিধাভোগী শোষক-শাসক দল নতুন মোড়কে জগদ্দল পাথরের মতো সাধারণ মানুষের ওপর চেপে বসেছে। গণঅভ্যুত্থানের ফসল ঘরে তোলা সম্ভব হয়নি বলেই হয়তো বারবার তার হাতছানি।
জুলাই অভ্যুত্থানের মধ্যে মানুষের অধিকার পূরণে ও কল্যাণ চিন্তায় কর্তৃত্ববাদী শাসন-শোষণ অবসানের লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের ধারণা জনমনে আশার আলো সঞ্চার করে। সংস্কারের লক্ষ্যে ঐকমত্য কমিশন গঠন, নোট অব ডিসেন্টসহ ঐকমত্য কমিশনে অনুমোদিত প্রস্তাবগুলো বাস্তবায়নের উদ্দেশ্যে সবার সম্মতিতে গণভোটের আয়োজন। গণভোটে প্রায় সত্তর ভাগ ভোটার সংস্কারের পক্ষে সমর্থন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর হ্যাঁ জয়যুক্ত করার আহ্বানের ফলে জুলাই সনদ বাস্তবায়ন করা ক্ষমতাসীন সরকারের অনিবার্য কর্তব্য হয়ে দাঁড়ায়। তাকে অবজ্ঞা করে উন্নয়নসহ অন্যান্য রুটিন কাজে মনোযোগ দেওয়া হলে জনমনে বিরূপ ধারণা তৈরি হতে পারে।
অন্তর্বর্তী সরকারের সমস্ত সময় ধরে জনমনে ছিল সংস্কারের ভাবনা। সরকারের নীতিনির্ধারকদের মুখেও শোনা গেছে তেমন আলাপ-আলোচনা। তা ছাড়া ক্ষমতাসীন দলেরও ৩১ দফা সংস্কারের ভাবনা তো রয়েছে। তাই কেবল উন্নয়নের বাদ্য বাজিয়ে সংস্কারকে পাস কাটিয়ে মনে হয় ফল আসবে না। সেটি হলে জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব আরও জোরালো হয়ে উঠতে পারে। অনুভব করা যায় সংখ্যালঘিষ্ঠ হলেও কিছু মানুষের মনে ষড়যন্ত্র তত্ত্ব সর্বকালেই ক্রিয়া করে। ইতোমধ্যে ক্ষমতাসীন সরকারের কর্তাব্যক্তিদের মুখে শোনা গেছে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়নের কথা। সেটি যথাযথভাবে হলে বিএনপির ক্ষমতা পাকাপোক্ত ও সুদীর্ঘ হওয়ার সুযোগ তৈরি হতে পারে। ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাদের মুখে ছাই পড়তে পারে, আর জুলাই সনদ বাস্তবায়নসহ সেসব ক্ষেত্রে ব্যর্থ হলে আশাভঙ্গের কারণে আবার ‘যেই লাউ সেই কদু’ তত্ত্বের কানাকানি হতে পারে।
ড. মো. মোস্তাফিজার রহমান: সাবেক অধ্যক্ষ (অব.) নওগাঁ সরকারি কলেজ
- বিষয় :
- সংস্কার