ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ত্বকের ক্লান্তি দূর হবে ১৫ মিনিটের অভ্যাসে

ত্বকের ক্লান্তি দূর হবে ১৫ মিনিটের অভ্যাসে
×
×

ত্বকের পরিচর্যায় বেছে নিন প্রয়োজনমতো সিরাম

শৈলী ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১২:৪৮

সময়ের অভাবে অনেকেই নিয়মিত রূপচর্চা করতে পারেন না। এতে ত্বক শুষ্ক হয়ে যায়, উজ্জ্বলতা হারায়। ধীরে ধীরে ত্বকে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। যারা ধাপে ধাপে রূপচর্চা করার সময় পান না, তারা মাত্র পনেরো মিনিটেই ত্বকের ক্লান্তি দূর করতে পারেন। ভালো ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে হাইড্রেটিং ওয়াটার বা ফেশিয়াল মিস্ট লাগাতে পারেন। বিশেষ করে রাতের দিকে যত্ন নিলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে। 

ক্লিনজিং 
সারাদিন বাইরে থাকলে ত্বকে ঘাম, তেল, ধুলাবালি জমে। আবার ঘরে থাকলেও ত্বকের বারোটা বাজে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করা জরুরি। মেকআপ করা থাকলে তা ভালোভাবে তুলতে হবে। প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে মেকআপ তুলে নিন। নাকের দু’পাশ, চোখের নিচের অংশ ভালো করে মুছতে হবে। তার পর সামান্য অলিভ তেল নিয়ে মুখে মাসাজ করুন। 

ফেসপ্যাক
যদি সময় থাকে তাহলে ঘুমোনোর আগে ফেসপ্যাক লাগিয়ে নিতে পারেন। গোলাপ জল এবং মুলতানি মাটি (স্বাভাবিক এবং তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে) কিংবা টক দই, মধু এবং পাকা কলা (শুষ্ক ত্বকের ক্ষেত্রে) একসঙ্গে মিশিয়ে মুখে লাগাতে পারেন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন এই প্যাক লাগাতে পারেন।

ফেসিয়াল অয়েল
অতিরিক্ত শুষ্ক ত্বকের জন্য এখন আর শুধু ময়েশ্চারাইজার নয়। বেছে নিতে পারেন অর্গান অয়েল বা ভিটামিন ই দেওয়া বিভিন্ন ধরনের ফেশিয়াল অয়েল। শুধু শুষ্ক ত্বকের জন্যই নয়, এমন অনেক ফেস অয়েলও পাবেন, যেগুলো মুখের ত্বকের অতিরিক্ত তেলক্ষরণ বন্ধ করে। 

সিরাম
ত্বকের পরিচর্যায় বেছে নিন প্রয়োজনমতো সিরাম। মুখে বলিরেখা থাকলে রেটিনল, ভিটামিন সি, হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত সিরাম ভালো। ব্রণ থাকলে ব্যবহার করুন নায়াসিনামাইড। ত্বকের ধরন শুষ্ক হলে ব্যবহার করুন হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত সিরাম। 

ময়েশ্চারাইজার
সিরাম ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার বেছে নেওয়া খুব জরুরি। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে, মুখ ভিজে থাকা অবস্থাতেই ত্বকে অল্প ময়েশ্চারাইজার লাগান। ১৫-২০ মিনিট রেখে তুলোর সাহায্যে আলতো করে মুছে নিন। মুখের পাশাপাশি গলায় এবং ঘাড়েও ময়েশ্চারাইজার লাগান। হাত, পায়ের পাতা, হাঁটু, কনুইতেও ময়েশ্চারাইজার লাগাবেন। 

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন

×