ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

স্বাস্থ্য খাতে কেনাকাটায় দুর্নীতি

এই সংক্রামক ব্যাধির উপশম করুন

এই সংক্রামক ব্যাধির উপশম করুন
×

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আ জ ম নাছির উদ্দীন -সমকাল

--

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:১৪

রাষ্ট্রীয় যেসব সেবা খাত জনগণকে সেবা দেয়, এর মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসেবা খাত। কিন্তু দেশব্যাপী বিস্তৃত এই খাতটিতে অনিয়ম-দুর্নীতি কীভাবে জেঁকে বসেছে, এরই প্রতিফলন ঘটেছে শুক্রবার সমকালে প্রকাশিত একটি প্রতিবেদনে। সাতক্ষীরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) জন্য আসবাবপত্র কেনাকাটায় বিস্ময়কর দুর্নীতির চিত্র উঠে এসেছে।

দুর্নীতি দমন কমিশনের বিশেষ টিমের অনুসন্ধানে এই আকাশছোঁয়া দুর্নীতির তথ্য-প্রমাণ মিলেছে। ইতোপূর্বে প্রতিষ্ঠান দুটির ক্রীড়াসামগ্রী কেনার ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা। এবার প্রায় চার হাজার টাকার একটি কম্পিউটার টেবিলের ক্রয়মূল্য দেখানো হয়েছে প্রায় ২৬ হাজার টাকা। ৪২ হাজার টাকার টেবিল ক্রয়ের ক্ষেত্রে দেখানো হয়েছে ৮০ হাজার টাকারও বেশি। বাজারমূল্যের চেয়ে অনেক উচ্চ মূল্যে এমন ৬৬টি আসবাব সামগ্রী কিনে অসাধু দায়িত্বশীলরা আত্মসাৎ করেছেন এক কোটি ২১ লাখ টাকারও বেশি। এটি একটি খণ্ডিত দৃষ্টান্তমাত্র। দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে কেনাকাটায় এমন দুর্নীতির চিত্র ইতোমধ্যে সংবাদমাধ্যমে আরও প্রকাশিত-প্রচারিত হয়েছে। বিস্তৃত এই খাতটি অনিয়ম-দুর্নীতির এমন এক সংক্রামক ব্যাধিতে পরিণত হয়েছে, যার ফলে সরকারি স্বাস্থ্যসেবাই শুধু প্রশ্নবিদ্ধ হয়ে পড়েনি- এ খাতে যেন নৈরাজ্যের হাট বসেছে। স্বাস্থ্য খাতের বিভিন্ন স্তরে সীমাহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে সংশ্নিষ্ট মন্ত্রণালয়ের কঠোর অবস্থান নেওয়া ছাড়া গত্যন্তর নেই। আমরা জানি, স্বাস্থ্য খাতের চরম দুর্নীতির বিষয় মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অবহিত করেছিল দুর্নীতি দমন কমিশন গত বছরের ডিসেম্বরে। যে কোনো খাতেই দুর্নীতি-অনিয়ম চরম ক্ষতিকর।

স্বাস্থ্য খাতের মৌলিক অধিকারের ইস্যুর ক্ষেত্রে তা আরও বেশি স্পর্শকাতর। নানা সূচকে দেশের অগ্রগতি আশাব্যঞ্জক হলেও এই অগ্রযাত্রার পথে এখনও বড় প্রতিবন্ধক হয়ে আছে অনিয়ম-দুর্নীতি। জনস্বাস্থ্যের উন্নয়নে সরকারের সব প্রচেষ্টা ব্যর্থ হবে, যদি দুর্নীতির এই মচ্ছব বন্ধ করা না যায়। স্বাস্থ্য খাতে দুর্নীতির দুষ্টচক্রের মূলোৎপাটনে সংশ্নিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ প্রতিকার নিশ্চিত করতেই হবে। এ খাতের অনিয়ম-দুর্নীতির উৎসে দৃষ্টি দিয়ে দৃষ্টান্তযোগ্য প্রতিকারের দায় সংশ্নিষ্ট মন্ত্রণালয়ের।

আরও পড়ুন

×