মুক্তাগাছায় ছাত্রী অপহরণ
বখাটের এত বাড়!
×
--
প্রকাশ: ১৭ মার্চ ২০২০ | ১৩:৪০
বিয়ের প্রস্তাবে 'না' বলায় ময়মনসিংহের মুক্তাগাছায় যেভাবে মা-বাবাকে কুপিয়ে ছাত্রী তুলে নেওয়ার ঘটনা ঘটেছে- সেটি অবিশ্বাস্য, উদ্বেগজনক ও নিন্দনীয়। শনিবার গভীর রাতে এলাকার এক বখাটে ঘরবাড়ি ভাংচুর করে যেভাবে দলবলসহ নবম শ্রেণির শিক্ষার্থীকে উঠিয়ে নিয়ে গেছে, তা কেবল চলচ্চিত্রের দৃশ্যকেই হার মানায়নি, একই সঙ্গে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অসহায় চিত্রও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এমনকি মঙ্গলবার সমকালে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনটি বলছে, অপহৃত ছাত্রীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। আমরা মনে করি, পুলিশ আন্তরিক হলে তাকে উদ্ধারে বেশি সময় লাগা উচিত নয়। প্রতিবেদনটি বলছে, মেয়েটি অন্ধকারে পুকুরে ঝাঁপ দিয়েও রেহাই পায়নি, পুকুর থেকে তুলে আহত করে স্থানীয় ছত্রাশিয়া গ্রামের জাফর ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। বখাটে জাফর এলাকায় এতটাই ত্রাসের রাজত্ব কায়েম করেছে যে, শনিবার রাতে মা-বাবা ও মেয়ের চিৎকারেও এলাকাবাসী কেউ এগিয়ে আসতে সাহস পায়নি। এমন অপরাধীর ব্যাপারে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে উদাসীন ছিল। রাতের অন্ধকারে কারও বাড়িতে অনুপ্রবেশ করাই অপরাধ; সেখানে অপরাধীরা টিন কেটে ঘরে ঢুকে তিনজনকে আহত করেছে। আর জোরপূর্বক মেয়েকে তুলে নেওয়া গুরুতর সামাজিক অপরাধ। এ অপরাধের অন্যমাত্রাও রয়েছে; অপহরণের শিকার হয়েও সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে মেয়েটি নানাক্ষেত্রে প্রতিবন্ধকতা কিংবা কটূক্তির শিকার হতে পারে। যার নেতিবাচক প্রভাব মেয়েটির পরিবারের ওপরও পড়তে বাধ্য। আমরা চাই শিগগিরই মেয়েটিকে নিরাপদে উদ্ধার করা হোক। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে অভিযান চালিয়ে অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ঘটনাটি নিছক অপহরণ নয় বরং গুণ্ডা বাহিনী নিয়ে এসে কুপিয়ে আহত করার মধ্যে হত্যাপ্রবণতাও বিদ্যমান। আমরা সংবাদমাধ্যমে মাঝেমধ্যেই এমন ঘটনা দেখি। নানা কারণে অপরাধীরা পার পেয়ে যায় কিংবা সেভাবে শাস্তি হয় না বলেই সমাজে এর পুনরাবৃত্তি ঘটছে। নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও পুরুষতান্ত্রিক মানসিকতায় অনেক ক্ষেত্রেই নারী ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। ফলে সমাজের বিভিন্ন স্তরে নারীর নিরাপত্তাহীনতা ও অসহায়ত্বের ব্যাপকতা স্পষ্ট। এ ক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা প্রয়োজন। আমরা দেখতে চাই, মুক্তাগাছার ঘটনায় অপরাধীর বিচার দৃষ্টান্ত হয়ে থাকবে।
- বিষয় :
- অপহরণ
