ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাউজানে জনপ্রিয় হচ্ছে সূর্যমুখী চাষ

রাউজানে জনপ্রিয় হচ্ছে  সূর্যমুখী চাষ
×

রাউজানে ধানের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ। পৌর সদরের কুণ্ডেশ্বরী এলাকা থেকে তোলা ছবি সমকাল

প্রদীপ শীল, রাউজান (চট্টগ্রাম)

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৭:১৪

| প্রিন্ট সংস্করণ

রাউজানে ধানের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী চাষ। কম খরচ, স্বল্প সময়ে ফলন এবং বাজারে ভোজ্যতেলের চাহিদা থাকায় এই ফসলের প্রতি ঝুঁকছেন স্থানীয় কৃষকরা। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৪ হেক্টর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ থেকে বিনামূল্যে বীজ ও সার সরবরাহসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয় কৃষক রণজিৎ চৌধুরী বলেন, ‘উপজেলা কৃষি অফিসের পরামর্শে আমি উন্নত পদ্ধতিতে সূর্যমুখী চাষ করছি। এবার এক হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। বাজারে সূর্যমুখী তেলের চাহিদা আছে। তেল ছাড়াও বীজ থেকে খৈল তৈরি করে পশুখাদ্য হিসেবে ব্যবহার করা যায়।’
কৃষক আবদুল গফুর বলেন, ‘অন্য অনেক ফসলের তুলনায় সূর্যমুখীর ফলন ভালো। এই ফসলে সেচ ও পরিচর্যা তুলনামূলক কম লাগে। আবহাওয়া অনুকূলে থাকলে সূর্যমুখী থেকে ভালো পরিমাণে তেল উৎপাদনের আশা করছি আমি।’ তিনি আরও বলেন, ‘সূর্যমুখী তেলের অনেক চাহিদা রয়েছে। এই চাষ বাড়লে তেলে উৎপাদনও বাড়বে। তাতে স্বাস্থ্যকর তেল যেমন মানুষ ব্যবহার করতে পারবে, তেমনি অর্থ উপার্জনও বাড়বে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির বলেন, ‘সূর্যমুখী বীজ রোপণের আগে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বীজ, সার ও কীটনাশকসহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে তাদের।’ 
তিনি আরও বলেন, ‘সূর্যমুখী তেলে থাকা ম্যাগনেসিয়াম মানবদেহের জন্য উপকারী, এটা মানসিক চাপ কমাতে সহায়ক। ভোজ্যতেলের চাহিদা পূরণে সূর্যমুখী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই ভবিষ্যতে উপজেলায় এ ফসলের আবাদ আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।’

আরও পড়ুন

×