ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

এত বড় ইলিশ!

এত বড় ইলিশ!
×

 রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৭:০৯

| প্রিন্ট সংস্করণ

রামগতি উপজেলার মেঘনা নদীতে ধরা পড়া ইলিশটির ওজন ২ কেজি ৪০০ গ্রাম। বড় আকারের মাছটি স্থানীয় মাছঘাটে ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার উপজেলার মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলে জাহের মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। তিনি মাছটি রামগতি মাছঘাটের আড়তদার কালাম ব্যাপারীর আড়তে বিক্রি করেন। সেখান থেকে সেটি ব্যবসায়ী মনির উদ্দিন ১২ হাজার টাকায় কিনে নেন।
জাহের মাঝি বলেন, মঙ্গলবার সারাদিন কয়েক দফা জাল ফেললেও আশানুরূপ মাছ পাননি। তবে দুপুরের দিকে তার জালে বড় আকৃতির একটি ইলিশ ধরা পড়ে। এর আগে তিনি জালে এত বড় ইলিশ আর পাননি।
মাছ ব্যবসায়ী মনির উদ্দিন বলেন, ‘এত বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। তাই ভালো দাম দিয়ে মাছটি কিনেছি। ইতোমধ্যে এটি ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে বাজারে বড় ইলিশের চাহিদা বেশি। আশা করছি, আরও বেশি দামে মাছটি বিক্রি করা সম্ভব হবে।’
স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মতে, নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়ার ঘটনা এখন তুলনামূলক কম। ফলে এমন মাছ বাজারে এলে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. সৌরভ উজ জামান বলেন, ‘মেঘনা নদীতে সাধারণত এত বড় ইলিশ খুব কম ধরা পড়ে। জেলেরা সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ আহরণ থেকে বিরত থাকায় ইলিশের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত হচ্ছে। এর ফলে নদীতে বড় আকারের ইলিশের সংখ্যা বাড়ার ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ইলিশ সংরক্ষণে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সুফল ধীরে ধীরে পাওয়া যাচ্ছে। জেলেদের সচেতনতা ও নিষেধাজ্ঞা মেনে চলার কারণে নদীতে মাছের উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে।’

আরও পড়ুন

×