কানাডায় জেট বিধ্বস্ত, স্নো বার্ডস ক্যাপ্টেন জেনিফারের মৃত্যু
জেনিফার ক্যাসি
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২০ | ০১:৪২ | আপডেট: ১৯ মে ২০২০ | ০১:৪৫
কানাডার নোভা স্কোশিয়ায় সাম্প্রতিক কিছু দুর্ঘটনায় প্রদেশটির জনগণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যে রয়েল কানাডিয়ান এয়ারফোর্সের স্নো বার্ডস এয়ারক্রাফট দুর্ঘটনা নোভা স্কোশিয়াবাসীর জন্য অনেক বেশি ট্রাজেডিপূর্ণ। কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি জানিয়েছে, স্নো বার্ডসের জেট দুর্ঘটনায় রোববার ক্যাপ্টেন জেনিফার ক্যাসির মৃত্যু হয়।
জেনিফার ক্যাসি ২০১৮ সালের নভেম্বর থেকে অ্যাঞোব্যাটিকস দলের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার ছিলেন। হ্যালিফ্যাক্স থেকে আসার সময় তাকে বহনকারী উড়োজাহাজটি বিসি'র কমলুপসে টেকঅফ করার ঠিক কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়। পাবলিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকতা করতেন।
এ দুর্ঘটনায় আহত জেটের পাইলট ক্যাপ্টেন রিচার্ড ম্যাকডুগাল বিধস্ত বিমান থেকে বের হতে সক্ষম হন এবং একটি বাড়ির ছাদে নামেন। কিন্তু জেনিফার ক্যাসি বের হতে পারেননি।
রয়েল কানাডিয়ান এয়ারফোর্স (আরসিএএফ) কমান্ড রোববার রাতে এক টুইটে বলে, 'ক্যাপ্টেন জেনিফার ক্যাসির মৃত্যুতে আরসিএএফ একজন নিবেদিত সদস্যেকে হারিয়েছে। আমরা তার পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আহত ক্যাপ্টেন ম্যাকডুগালের প্রিয়জনদের জন্যও আমাদের ভালোবাসা রইল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।'
দু'সপ্তাহ আগ থেকে স্নো বার্ডস দল নয়টি বিমান নিয়ে সারা কানাডায় 'অপারেশন অনুপ্রেরণা' নামের একটি ক্রস কানাডা সফর শুরু করে। করোনাকালে কানাডার মানুষকে আনন্দ দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়। দু'সপ্তাহের এ অভিযানের শেষদিনে দুর্ঘটনায় প্রাণ হারালেন ক্যাপ্টেন জেনিফার ক্যাসি।
স্নো বার্ডস দল, ক্যাসি এবং ম্যাকডুগালের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেন, 'গত দু'সপ্তাহ ধরে এই কঠিন সময়ে কানাডিয়ানদের সাহস যোগানোর জন্য স্নো বার্ডস দেশজুড়ে উড়ছে। তারা প্রতিদিন অবিশ্বাস্য দক্ষতায় উৎসাহ প্রদর্শন করে যাচ্ছে।'
জেনিফার ক্যাসি ২০১৪ সালে রয়েল কানাডিয়ান এয়ারফোর্সে যোগ দেন। রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্সের বায়ো অনুযায়ী, এর আগে তিনি নিজ শহর হ্যালিফ্যাক্সে এবং পরে বেলভিলিতে রিপোর্টার, অ্যাঙ্কর এবং প্রযোজক হিসেবে রেডিওতে কাজ করেন।
জেনিফার ক্যাসি সিওএফ-১৮ ডেমো টিমের সঙ্গে ২০১৮ সালের বেশিরভাগ সময় নর্থাড-৬০ জেটের সঙ্গে উত্তর আমেরিকা এবং যুক্তরাজ্যে কাটিয়েছেন। তিনি ২০১৮ সালের নভেম্বরে স্লো বার্ডসে যোগ দেন।
তার লিঙ্কডিন প্রোফাইল অনুযায়ী, ক্যাসি ২০১৯ সালে রয়েল রোডস ইউনিভার্সিটিতে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজে স্নাতকোত্তর অর্জন করেন। এর আগে তিনি ডালহৌসি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা স্নাতক এবং কিংডজ ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
এর আগে নোভাস্কোশিয়ায় সম্প্রতি একজন বন্দুকধারী প্রদেশটির গ্রামাঞ্চলের ২১ জনকে গুলি করে হত্যা করে। এরপর হালিফাক্স-এ ফ্রিগেট এইচএমসিএস ফ্রেডেরিকটন একটি সামরিক হেলিকপ্টার ভূমধ্যসাগর বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। যাদের মধ্যে তিনজন নোভা স্কোশিয়ার বাসিন্দা।