জুনের প্রথম দিকেই নিউইয়র্কে শুরু হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড
ফাইল ছবি
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ১৪:০৯ | আপডেট: ২৯ মে ২০২০ | ১৪:২০
জুনের প্রথম দিকেই নিউইয়র্ক শহরে আংশিক অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু হচ্ছে। এতে দুই থেকে চার লাখ কর্মহীন লোক কাজে ফিরতে পারবেন। করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক। এখানে বেসরকারি খাতে কর্মহীন হয়ে পড়েছেন ৮ লাখ ৮৫ হাজার লোক। স্বাস্থ্য সংক্রান্ত সাতটি নির্দেশনা পূরণ সাপেক্ষ নিউইয়র্ক শহরে নির্মাণ শিল্প, উৎপাদন প্রতিষ্ঠানের পাশাপাশি গুরুত্বপূর্ণ নয় এমন খুচরা ব্যবসা প্রতিষ্ঠানও ক্রেতার সঙ্গে ব্যবধান রেখে লেনদেন বা স্টোর পিক আপ পদ্ধতিতে চালু করতে পারবে। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও বলেছেন, বেশিরভাগ প্রতিষ্ঠানই এভাবে চালুর জন্য প্রস্তুত।
প্রথম ধাপে নির্মাণ, পোশাক এবং ইলেকট্রনিক্সের আইটেম উৎপাদনকারী এবং স্টোর ও কারখানার জন্য পাইকারি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে। এ ধাপে রেস্তোর্রা ও বার খুলছে না। প্রতিষ্ঠান চালুর জন্য কর্মচারীদের ছয় ফুট দূরে থাকা নিশ্চিত করতে হবে। ওয়ার্ক সাইটগুলো তাদের ক্ষমতার ৫০ শতাংশেরও কম সময়ে পরিচালনা করতে হবে। নিয়োগকর্তাদের অবশ্যই সব কর্মীকে বিনামূল্যে মাস্ক এবং পিপিই সরবরাহ করতে হবে।
বাড়িভাড়া দেবে রাজ্য প্রশাসন: মহামারিতে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া প্রদান থেকে সাময়িক নিস্কৃতি দিতে একটি আইন (বিল) পাস করেছে নিউইয়র্ক স্টেট আইন সভা। বৃহস্পতিবার 'ইমার্জেন্সি রেন্ট রিলিফ অ্যাক্ট ২০২০' নামের এ বিল পাস হয়।