ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

বৃষ্টি এলো ঘাসফড়িঙে...

বৃষ্টি নিয়ে বাড়ি ফেরা

বৃষ্টি নিয়ে বাড়ি ফেরা
×

লিখেছে নুর রাইয়ান

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৭:৪২

| প্রিন্ট সংস্করণ

বৃষ্টি আসে পথের পাশে। বৃষ্টি আসে দূর্বা ঘাসে। বৃষ্টি আসে আর কোথায়? জানি, তা আর তোমাদের বলে দিতে হবে না। তা বৃষ্টিপাগল ফড়িং সোনার দল, এই বৃষ্টিদিনে বৃষ্টিতে ভিজতে ভিজতে; কেউবা আবার ছাতা মাথায় দিয়ে লিখেছে এই ভাবনাগুলো। আর লেখা পড়ে ঘরে বসে ছবিগুলো এঁকেছেন ব্যাঙের মামা সাফায়েত সাগর

সেদিন ছিল বুধবার। টিফিনের পর থেকেই আকাশ কালো করে এসেছিল। মিস বললেন, আজ আর খেলাধুলা হবে না, বৃষ্টি আসবে। ছুটির ঘণ্টা বাজতেই সবাই তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে বের হলো। আমি একটু দেরি করে বের হলাম। আমার ছাতাটা ছিল রঙিন। অর্ধেক কমলা, হলুদ আর একটু গোলাপি। মা গত মাসে মেলা থেকে কিনে দিয়েছিলেন। স্কুল গেট থেকে বের হতেই ঝমঝম করে বৃষ্টি শুরু। বাতাসও ছিল প্রচণ্ড। আমি মাথায় ছাতা দিয়ে হাঁটতে লাগলাম। মাঠের রাস্তাটা ফাঁকা। হঠাৎ জোরে বাতাস এলো। ছাতাটা উল্টে যাওয়ার মতো হলো। আমি দুই হাত দিয়ে শক্ত করে ছাতাটা ধরলাম। পায়ের নিচে কাদা আর পানি। হঠাৎ একটা বড় ডোবায় পা পড়তেই ছপাত করে আওয়াজ হলো। জুতা-মোজা ভিজে গেলো কিন্তু আমি হাসলাম। বৃষ্টির দিনে স্কুল থেকে ফেরার মজাই আলাদা। রাস্তায় পানি, আকাশে মেঘ আর হাতে রঙিন ছাতা। দূরে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। মা নিশ্চয়ই জানালায় দাঁড়িয়ে আছে গরম চা আর পেঁয়াজু নিয়ে। আমি ভাবলাম, আজ বাড়ি গিয়েই জানালার পাশে বসে বৃষ্টি দেখব। তারপর ছাতা খুলে এই দৃশ্যটা এঁকে ফেলবো। বৃষ্টি মাথায় নিয়েই আমি দৌড়ে বাড়ি গেলাম। ভিজলাম; তবু ভালো লাগছে!  

বয়স: ১+৩+৪ বছর; দ্বিতীয় শ্রেণি, 
বি এ এফ শাহীন কলেজ, ঢাকা
 

আরও পড়ুন

×