গপ্পো
মাটির গন্ধে ঘুম আসে না
লিখেছে আরহাম বিন আনোয়ার
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
বৃষ্টি আমার অনেক ভালো লাগে। বৃষ্টির পর চারপাশের আবহাওয়া অনেক সুন্দর হয়। তবে বাবা আমাকে বৃষ্টিতে ভিজতে দেয় না। কারণ আমার অল্পতেই ঠান্ডা ধরে যায়। এবার ঈদে আমি যখন গ্রামে গিয়েছিলাম, তখন দিনরাত বৃষ্টি হয়েছিল। বিদ্যুৎও তেমন থাকত না। কিন্তু গ্রামে যেহেতু অনেক বৃষ্টি হয়, তাই সেখানে আবহাওয়া ভালো থাকে। এর জন্য আমরা আরামে ঘুমাতে পেরেছিলাম। সারারাত বৃষ্টির ফলে সকালে দেখি চারপাশ শুধু পানি আর পানি। যখন বৃষ্টি হয়, তখন মাটি থেকে একটি সুন্দর গন্ধ আসে। এ গন্ধ আমি ও আমার মায়ের অনেক ভালো লাগে। গ্রামে যখন বৃষ্টি ও ঝড় হয় তখন অনেক আম পড়ে। সে আম খেতে খুব মজা। শহরের বৃষ্টির চেয়ে গ্রামের বৃষ্টি অনেক ভালো লাগে। যখন বৃষ্টি হয় তখন কাজিনদের সঙ্গে লুডু খেলতেও অনেক মজা লাগে। এবার দাদুর বাড়িতে যখন নদীতে গিয়েছিলাম, নদী অনেক টইটম্বুর ছিল। নদীটাকে দেখতে খুব সুন্দর লাগছিল। এবার পুকুরগুলোও পানিতে একাকার ছিল। যখন বৃষ্টি হয় তখন রাতে অনেক ব্যাঙ ডাকে। সেই ব্যাঙের ডাক শুনতে অনেক ভালো লাগে। বৃষ্টি হলে পুরো জায়গা শীতল ও আরামদায়ক হয়ে যায়।
বৃষ্টি হলে বাগান বা ফসলে পানি দেওয়া লাগে না। প্রকৃতি অনেক সুন্দর হয়। তবে অতিবৃষ্টি অনেক সময় বন্যা ডেকে আনে। বৃষ্টির এই ঋতু মানে বর্ষা আমার প্রিয় ঋতু। কারণ বর্ষায় কদম ফোটে, নদী টইটম্বুর হয় এবং সবাই মিলে বৃষ্টিতে ফুটবল খেলতে পারি। আমি এই ঋতুতে বৃষ্টির পানিতে ভিজতে চাই আর বন্ধুদের সঙ্গে অনেক মজা করতে চাই!
বয়স : ১+২+৩+৪ বছর; তৃতীয় শ্রেণি, গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা
- বিষয় :
- গল্প