ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২৬

কবিতা

কবিতা
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৭:৩৯

| প্রিন্ট সংস্করণ

ফা রু ক  ন ও য়া জ
ঝুমঝুম বৃষ্টিতে

ঝুমঝুম বৃষ্টিতে ভিজি খুব ইচ্ছে
বাতাসের ঝাপ্টাতে মন নাড়া দিচ্ছে
ঘুমঘুম পাখিদুটি আধাবোঁজা আঁখিদুটি
তিন্তিড়ি শাখে বসে কী যেন কি ভাবছে
ভেজাভেজা পরগুলো ঝরে যায় আবছে।

নীপবনে মউমউ সৌরভ ছুটছে
গুঞ্জন তুলে তুলে মধুপেরা জুটছে
টুপটুপ ঝুপঝাপ জোনাকিরা চুপচাপ
মিঞ্জিরি ঝোপে নামে ঝিঁঝিডাকা সন্ধে
রুমঝুম শিঞ্জিনী বৃষ্টির ছন্দে। 

আজ কোনো হাটুরেরা হাটখোলা আসেনি
মেঘে ডোবা ভেজা চাঁদ আজ রাতে ভাসেনি
ঘাটপাড়ে নাও বেঁধে মাঝি গেছে বাড়িতে 
আজ বাঁশি বাজে নাই পুলিশের ফাঁড়িতে 
মুজদিয়া কাজীবাড়ি দহলিজে সাড়া নেই
ঘর থেকে আজ কারো বেরোনোর তাড়া নেই।

রাত বাড়ে সেইসাথে বাড়ে আরো বৃষ্টি 
বৃষ্টির সৃষ্টি তো নয় অনাসৃষ্টি
মেঘেদের নির্ঝরে  সৃষ্টির নীর ঝরে
মাটি করে উর্বরা  দাবদাহ তাড়িয়ে 
শস্যের ঘ্রাণে চাষি মাঠে থাকে দাঁড়িয়ে।

ঝরঝর ঝিরঝির ঝমঝম বরষা-
সৃষ্টির বারিধারা জীবনের ভরসা।
 

 

রু বে ল   হা বি ব
বৃষ্টি এলো ওই

হঠাৎ আকাশ বেজায় কালো
বাতাস এসে পথ হারালো
বৃষ্টি এলো এলোমেলো
বৃষ্টি এলো কই?

গাছের পাতায় শাখায় শাখায়
ডাহুক পাখি যেদিক তাকায়
হিজল তমাল গাছের ফাঁকে
বৃষ্টি এলো ওই।

স্রোতস্বিনী নদীর পথে
ছলাৎ ছলাৎ ছলাৎ স্রোতে
ডুব সাঁতারে হাঁসের সাথে
বৃষ্টি এলো ওই।

লাউয়ের ডগায় পাতায় পাতায়
সদলবলে বৃষ্টি মাখায়
কদম ফুলের চুলের সাথে
বৃষ্টি এলো ওই।

আরও পড়ুন

×