ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

প্রয়োজনীয় যোগ্যতা

উচ্চশিক্ষায় ফুলফান্ডেড স্কলারশিপ

উচ্চশিক্ষায় ফুলফান্ডেড স্কলারশিপ
×

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও সহ-পাঠ্যক্রমিক কার্যাবলিও প্রস্তুতির অংশ... মডেল : শাকিব, রিফাত, নিশাত, রাহিনুর ও নাবিয়া; -ছবি : ফয়সাল সিদ্দিক কাব্য

আলাউদ্দিন আলাদিন 

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৭:৪৩

​বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি, আবাসন, যাতায়াত এবং অন্যান্য খরচ অনেকের পক্ষেই বহন করা অসম্ভব। তবে ফুল ফান্ডেড স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে। এসব স্কলারশিপ আর্থিক সুবিধার পাশাপাশি শিক্ষার্থীদের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা ও গবেষণার সুযোগ করে দেয়। একাডেমিক যোগ্যতার পাশাপাশি উচ্চশিক্ষায় পরিপূর্ণ স্কলারশিপ পেতে ভাষা দক্ষতার পাশাপাশি সহায়ক  গুণাবলি নিয়ে লিখেছেন আলাউদ্দিন আলাদিন 

দেশের বাইরে উচ্চশিক্ষার স্বপ্ন প্রায় সব শিক্ষার্থীর! তবে এই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সংকট। টিউশন ফি, আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার অন্যান্য খরচ মিলিয়ে এই ব্যয়ভার অনেকের পক্ষেই বহন করা অসম্ভব। অনেকে আবার ভালো ফলাফলের পাশাপাশি আইইএলটিএসে ভালো স্কার তুলেও কাঙ্ক্ষিত স্কলারশিপ পান না। এমন পরিস্থিতিতে, ফুলফান্ডেড স্কলারশিপ পেতে একাডেমিক ও আইইএলটিএসের ভালো ফলাফলের পাশাপাশি যেসব গুণ প্রয়োজন তা নিয়েই আলোচনা। 

প্রস্তুতি পর্ব
​বিদেশে স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয় কাঙ্ক্ষিত প্রোগ্রাম বা বিশ্ববিদ্যালয় নির্বাচনের অনেক আগে। এটি শুধু ভালো ফল অর্জনের বিষয় নয়, বরং একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী প্রোফাইল তৈরির ধারাবাহিক প্রক্রিয়া। স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি–যে কোনো পর্যায়েই হোক না কেন, কিছু মৌলিক প্রস্তুতি থাকা আবশ্যক। ​স্কলারশিপ পাওয়ার প্রথম এবং প্রধান শর্ত হলো শক্তিশালী একাডেমিক প্রোফাইল ও ভালো সিজিপিএ। তবে, কেবল সিজিপিএ-ই যথেষ্ট নয়। বিশেষ করে গবেষণাভিত্তিক মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য, একাডেমিক পেপার বা প্রকাশনা, থিসিস এবং গবেষণা প্রকল্পের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি পূর্ণাঙ্গ প্রোফাইল হলো একাডেমিক উৎকর্ষ, গবেষণামূলক অভিজ্ঞতা এবং অন্যান্য এক্সট্রা-কারিকুলাম কার্যক্রমের একটি সমন্বিত প্রতিফলন। 

​ভাষা দক্ষতা ও এর বিকল্প 
ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য সাধারণত আইইএলটিএস বা টোফেল-এর স্কোর প্রয়োজন হয়। ফুলব্রাইট স্কলারশিপের জন্য আইইএলটিএস-এ ন্যূনতম ৬.৫ এবং টোফেল-আইবিটি-তে ৭৮-৮০ স্কোর থাকতে হয়। ​তবে সকল স্কলারশিপে এমন কঠোর শর্ত থাকে না। অনেক ইউরোপীয় দেশ, যেমন সুইডেন, এমন শিক্ষার্থীদের জন্য আইইএলটিএস ছাড়াই আবেদনের সুযোগ দেয়, যাদের পূর্ববর্তী ডিগ্রি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই বিকল্প পথটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি বড় সুবিধা। কারণ, বাংলাদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা হয়, এবং তাদের জন্য মিডিয়াম অফ ইন্সট্রাকশন বা এমওআই সার্টিফিকেটই যথেষ্ট হতে পারে। এটি আবেদন প্রক্রিয়াকে সহজ করে এবং আর্থিক চাপও কমায়।

​কৌশলগত কাগজপত্র 
​একটি সফল আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রস্তুত করা অপরিহার্য। এর মধ্যে নোটারাইজড একাডেমিক পেপারস, একটি মানসম্পন্ন সিভি বা রিজিউম, মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল এবং সুপারিশপত্র। ​মোটিভেশন লেটার হলো আবেদনকারীর ব্যক্তিগত গল্প বলার একটি মঞ্চ। এটি কেবল নিজের অর্জনের তালিকা নয়, বরং কেন তিনি এই নির্দিষ্ট প্রোগ্রামের জন্য যোগ্য, তাঁর স্বপ্ন কী এবং কীভাবে এই স্কলারশিপ তাঁর ভবিষ্যৎ লক্ষ্য পূরণে সহায়তা করবে–এসব বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরার একটি সুযোগ। তাই, আবেদনপত্রে এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরার মুনশিয়ানাটা খুবই জরুরি। 

মোটিভেশন লেটার বা নিজের গল্প বলা
এটি আপনার নিজের লেখা একটি প্রবন্ধ কিংবা ব্যক্তিগত গল্প বলার মঞ্চ। কেবল নিজের অর্জনের তালিকা নয়, বরং কেন আপনি এই নির্দিষ্ট প্রোগ্রামের জন্য যোগ্য, আপনার স্বপ্ন কী, এবং কীভাবে এই স্কলারশিপ আপনার ভবিষ্যৎ লক্ষ্য পূরণে সহায়তা করবে–এসব বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরার একটি সুযোগ। এর মাধ্যমেই বিচারকরা বুঝবেন কেন আপনি এই স্কলারশিপের যোগ্য। এখানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ক্যারিয়ারের লক্ষ্য এবং এই নির্দিষ্ট সাবজেক্টটি বেছে নেওয়ার কারণ স্পষ্ট থাকতে হবে। কপি-পেস্ট না করে জীবনের বাস্তব গল্প ও অনুপ্রেরণায় অতীতের কাজের সঙ্গে ভবিষ্যতের লক্ষ্যের একটি যৌক্তিক সংযোগ ঘটিয়ে সাফল্য পেতে পারেন। 

সুপারিশপত্র কার কাছ থেকে নিচ্ছেন?
সুপারিশপত্র বা লেটার অব রিকমান্ডেশন আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে যে নিতে হয় তা ভালো করেই জানেন। তবে যার কাছ থেকে নিচ্ছেন তাঁর সঙ্গে আপনার সম্পর্ক কেমন সেটি খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এখানে আপনার মেধা, কাজের প্রতি নিষ্ঠা, সততা এবং গবেষণার দক্ষতা উল্লেখ করতে হয়। এই যে গ্যারান্টি দেন তিনি তার ওপর আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যিনি আপনাকে খুব ভালো চেনেন এবং আপনার ইতিবাচক দিকগুলো বিস্তারিত লিখতে পারবেন–তাঁকেই নির্বাচন করুন। 

নেতৃত্ব ও এক্সট্রাকারিকুলার কার্যক্রম 
স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাব, সংগঠন বা ইভেন্ট পরিচালনার অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সামাজিক কাজ; যেমন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, হতে পারে রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্লাড ডোনেশন ক্লাব কিংবা কোনো ত্রাণকার্যক্রম বা পরিবেশ রক্ষায় আপনার অবদান ও সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করার অভিজ্ঞতাও ভালো কাজে আসবে। আসলে স্কলারশিপ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো দেখতে চায় আপনি শুধু পড়াশোনা নয়, সমাজ ও মানুষের কল্যাণে কতটা অবদান রাখছেন!

গবেষণা অভিজ্ঞতা 
আন্তর্জাতিক বা জাতীয় জার্নালে গবেষণাপত্র প্রকাশিত হলে তা অনেক বড় ইতিবাচক সাপোর্ট হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, স্টেম এবং পিএইচডি স্কলারশিপের জন্য গবেষণার অভিজ্ঞতাকে রেজাল্টের চেয়েও বেশি মূল্যায়ন করা হয়। 

যোগাযোগ দক্ষতা 
বিদেশি অধ্যাপকদের ইমেইল করা বা ইন্টারভিউ দেওয়ার জন্য চমৎকার ইংরেজি বলার ও লেখার দক্ষতা। লিংকডইন বা অন্যান্য মাধ্যমে অধ্যাপকদের সঙ্গে যোগাযোগ তৈরি করার ক্ষমতাও আপনার স্কলারশিপে বড় অবদান রাখে। 

সময়জ্ঞান ও শৃঙ্খলা
​বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন প্রক্রিয়া একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। অধিকাংশ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কোর্সের শুরুর ৬ থেকে ১২ মাস আগে থেকে শুরু হয়। তাই, সময়সীমা সম্পর্কে সচেতন থাকা এবং একটি পরিকল্পিত সময়সূচি অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্প্রেডশিট বা ক্যালেন্ডার ব্যবহার করে সকল প্রয়োজনীয় কাগজপত্র, পরীক্ষার তারিখ এবং আবেদনের সময়সীমা লিখে রাখা যেতে পারে।

প্রলোভন থেকে দূরে থাকুন
​অনলাইনে অনেক অসাধু সংস্থা বা ব্যক্তি স্কলারশিপ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা দাবি করে। বেশির ভাগ সরকারি বা বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের জন্য কোনো আবেদন ফি বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না। তাই, আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট বা ভর্তি দপ্তর থেকে নিশ্চিত হয়ে আবেদন করুন। বিদেশে পড়তে চাওয়া শিক্ষার্থীদের মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ে ফুলফান্ডেড স্কলারশিপ পাওয়া কেবল একাডেমিক ভালো রেজাল্টে নির্ভর করে না; ওপরের বিষয়গুলোও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই পড়াশোনার পাশাপাশি এই বিষয়গুলোতেও আলাদাভাবে মনোযোগ দিন। তবেই আসবে কাঙ্ক্ষিত সাফল্য! 

আরও পড়ুন

×