প্রিয় শিক্ষকের মুখ
পথচলার অনুপ্রেরণা
শারমিন সুলতানা চৌধুরী
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
শিক্ষা কেবল পাঠ্যবই বা পরীক্ষার গ্রেডশিটে সীমাবদ্ধ নয়; জীবনের আসল পাঠ লুকিয়ে থাকে শিক্ষকদের আদর্শ, নীতি ও স্নেহের মায়াজালে। তাদের শাসন ও অনুশাসনের আড়ালে গড়ে ওঠে শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও আত্মসম্মান। পাঠ্যবইয়ের বাইরে সততা ও মানবিক মূল্যবোধে চরিত্র গঠনে শিক্ষকরা হলেন পথপ্রদর্শক ও আলোকবর্তিকা। প্রিয় শিক্ষককে নিয়ে সুহৃদদের লেখায় আয়োজন–
শিক্ষা কেবল পরীক্ষার খাতায় জিপিএ ৫ পাওয়ার বা মুখস্থবিদ্যার লড়াই নয়; আসল শিক্ষা হলো জীবন বদলে দেওয়া এবং মানুষ হিসেবে গড়ে ওঠার অনন্য এক পথচলা। জীবনের ক্যানভাসে কিছু মানুষ আসেন, যারা কোনো প্রতিদানের আশা না করে নিঃশব্দে আমাদের ভেতর জ্ঞানের আলো জ্বালিয়ে দেন। আমার অভিজ্ঞতায় তেমনি এক অনন্য ও আলোকিত ব্যক্তিত্ব শিক্ষক ও লেখক তৌফিক সুলতান স্যার।
গাজীপুর জেলার কাপাসিয়ার বারিষাব গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে আসা এ মানুষটি আজ অনেকের কাছে এক আলোকবর্তিকা। তিনি কেবল শ্রেণিকক্ষে পাঠদানকারী কোনো সাধারণ শিক্ষক নন, বরং যার লক্ষ্য শিক্ষা দিয়ে মানুষ গড়া আর মানুষ দিয়ে সমাজ বদলানো।
তৌফিক স্যারের সান্নিধ্যে এসে প্রথম বুঝতে পেরেছিলাম, সত্যিকারের শিক্ষকতা কী। তিনি শিক্ষাব্যবস্থার গতানুগতিক ধারা বা কেবল মুখস্থনির্ভর ফলাফলের পেছনে ছোটেন না। তাঁর মূল লক্ষ্য থাকে শিক্ষার্থীদের ভেতর আত্মবিশ্বাস, জীবনমুখী জ্ঞান এবং সততার বীজ বুনে দেওয়া। তিনি শেখান কীভাবে বুঝে পড়তে হয়, কীভাবে চিন্তার জগৎকে প্রসারিত করতে হয়। তাঁর সদ্য প্রকাশিত ‘জ্ঞানের জগৎ’ বইটি যেন সেই দর্শনের এক মূর্ত প্রতীক; যা শিক্ষার্থীদের মুখস্থবিদ্যার অন্ধকার থেকে বের করে মুক্তচিন্তার আলোয় নিয়ে আসে।
একজন শিক্ষকের সবচেয়ে বড় শক্তি তাঁর আদর্শ ও সরলতা। নরোত্তমপুর গ্রামের বাসভবনে বসে যখন তিনি তাঁর সাহিত্য ও গবেষণামূলক সৃষ্টিতে মগ্ন থাকেন, তখন মনে হয় জ্ঞানের সাধনা কোনো প্রাচুর্যের ওপর নির্ভর করে না, তা নির্ভর করে নিখাদ একাগ্রতার ওপর। তাঁর লেখা বই এবং চিন্তাধারা তরুণ প্রজন্মকে প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। আজকের দিনে যখন শিক্ষা অনেক ক্ষেত্রে বাণিজ্যিক রূপ নিতে চলেছে, তখন তৌফিক সুলতান স্যারের মতো মানুষের উপস্থিতি আমাদের আশান্বিত করে। তিনি যেন সেই প্রদীপ, যা নিজে জ্বলে চারপাশকে আলোকিত করে তোলে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা– তিনি যেন নীতি, প্রজ্ঞা ও মূল্যবোধের আলো আমাদের মতো অগণিত শিক্ষার্থীর হৃদয়ে আজীবন প্রজ্বলিত থাকেন।
সুহৃদ, গাজীপুর
- বিষয় :
- সুহৃদ সমাবেশ