খবর ফাঁসের তদন্তে আইসিসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২০ | ১২:০০ | আপডেট: ৩০ মে ২০২০ | ০৩:১৫
অনেকেই ভেবেছিলেন, বৃহস্পতিবারের মিটিংয়ে আসন্ন টি২০ বিশ্বকাপ নিয়ে এসপার-ওসপার একটা কিছু হয়ে যাবে। অবাক বিষয় হলো, এই ইস্যু ভালোভাবে আলোচনায়ই ওঠেনি। কেবল জানানো হলো, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত হবে ১০ জুন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বৃহস্পতিবার ব্যস্ত ছিল ভিন্ন একটি বিষয় নিয়ে। আইসিসির সঙ্গে বিভিন্ন দেশের বোর্ডের কী আলোচনা হচ্ছে, সে খবর নাকি সংবাদমাধ্যমে বেরিয়ে পড়ছে। ফাঁস হয়ে যাচ্ছে গোপন ই-মেইল। তাই আইসিসি ঠিক করেছে, আগে তদন্ত করে দেখা হবে কীভাবে ভেতরের খবর ফাঁস হচ্ছে, তার পর ক্রিকেট নিয়ে সিদ্ধান্ত হবে।
বোর্ডপ্রধানদের ভিডিও কনফারেন্স শেষে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে আইসিসি জানায়, আলোচনার গোপনীয়তা রক্ষা হচ্ছে না বলে সদস্য দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তাই বিষয়টি তদন্ত করে দেখার জন্য সংস্থার এথিকস অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে। কারা খবর ফাঁস করছে, সেটি তদন্ত করে বের করার কথা বলা হলেও আইসিসির সন্দেহের তীর কিন্তু ভারতীয় বোর্ডের দিকে। কারণ, খবরগুলো প্রকাশ করেছে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। আর ফাঁস হওয়া ই-মেইলগুলো আইসিসি ও ভারতীয় বোর্ডের মধ্যে চালাচালি হয়েছিল।
বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ পিছিয়ে দেওয়ার পেছনে আরও একটি কারণও রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাই পূর্বনির্ধারিত ১৮ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু করতে পারবে কিনা, সে বিষয়ে আয়োজক অস্ট্রেলিয়া এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ান বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টস তো স্বীকারই করে নিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা দিন দিন কমে আসছে। করোনার এই ভয়াবহ সময়ে একটি দলকে স্বাস্থ্য সুরক্ষা দিতেই জেরবার অবস্থা হয়ে যাবে, সেখানে বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল! ১৬টি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের বহরকে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া বিশাল ব্যয়বহুল ব্যাপার।
এ বিষয়টি চিন্তা করেই কিছুটা উদ্যম হারিয়ে বসেছে অস্ট্রেলিয়া। তারা ভেবেছিল, মে মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি উন্নতি হলেও বিশ্ব পরিস্থিতি দিন দিন নাজুক হচ্ছে। তাই অস্ট্রেলিয়া টি২০ বিশ্বকাপ ক'মাস পিছিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে আয়োজনের প্রস্তাব দিতে পারে। তবে এ প্রস্তাবে বাগড়া দিতে পারে আইসিসির সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টস।