ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

‘বিশ্ব ক্রিকেটকে ভালো বার্তা দিতে পেরেছি’

‘বিশ্ব ক্রিকেটকে ভালো বার্তা দিতে পেরেছি’
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৫:৫৩ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১৬:২০

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে নাজমুল হোসেন শান্তদের। তবে এত বড় জয়ের পরও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিংবা সিরিজ জয়ের হিসাব নিয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। তার লক্ষ্য, ম্যাচ ধরে এগিয়ে যাওয়া এবং নিজেদের প্রক্রিয়া ঠিক রাখা।

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে শান্ত বলছেন, ‘আপনি যদি পয়েন্ট টেবিল দেখেন, অবশ্যই আমাদের অপরচুনিটিজ আছে। বাট আমি ক্যাপ্টেন হয়ে একটা কথা সবসময় ড্রেসিংরুমে বলি, খুব বেশি দূরে চিন্তা না করি। আমরা কীভাবে এই সিরিজটা ভালো খেলতে পারি বা এই টেস্ট ম্যাচটা ভালো খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের টেস্ট দল ধীরে ধীরে ভালো অবস্থানে যাচ্ছে বলেও মনে করেন শান্ত। তবে এখনও নিজেদের অভিজ্ঞ দল মনে করছেন না তিনি। ‘খুব ভালো, অনেক বড় জয়, দেশের ইতিহাসের সেরা জয়। কিন্তু আমি বলব যে এখনো আমরা ওই রকম অভিজ্ঞ দল না। আমাদের টেস্ট দলটা আস্তে আস্তে ভালো অবস্থানে যাচ্ছে। সুযোগ আছে। এই সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে।’

অস্ট্রেলিয়াকে হারানোর পরও শান্তর মুখে খুব বেশি উচ্ছ্বাস দেখা যায়নি। তবে সেটিকে উদযাপনের অভাব হিসেবে দেখছেন না তিনি। ‘আমি সবসময় পা মাটিতে রাখতে পছন্দ করি। এটা আমার ব্যক্তিগত স্বভাব। অবশ্যই উদযাপন হয়েছে ড্রেসিংরুমে, আমরা অনেক মজা করেছি, আরও করব। আমরা ভালো ক্রিকেট খেলেছি, পরের টেস্টও ভালো ক্রিকেট খেলতে চাই।’

ম্যাচের আগে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও সংবাদমাধ্যমের বিভিন্ন মন্তব্যও আলোচনায় ছিল। তবে সেসবকে বাড়তি গুরুত্ব না দিয়ে নিজেদের প্রক্রিয়াতেই মনোযোগ রেখেছিল বাংলাদেশ। শান্ত বলেন, ‘কথাবার্তা হবে। এর আগেও হয়েছে, এই ধরনের কথাবার্তা থাকবে। ক্রিকেটার হিসেবে আমাদের কাজ হলো আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, প্রসেসটা মানছি কি না।’

বাইরের আলোচনা নিয়ে মাথা না ঘামিয়ে নিয়মিত পারফরম্যান্সেই জোর দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভালো খেললে সবসময় ভালো কথা হবে বা খারাপ খেললে খারাপ কথা হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ক্রিকেটার হিসেবে আমাদের কাজ হলো নিয়মিত পারফর্ম করা, দলের হয়ে অবদান রাখা। আমরা খেলোয়াড়েরা বাইরের আলোচনা খুব বেশি চিন্তা না করে কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, এদিকে বেশি মনোযোগ দেই।’

অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে জয় বাংলাদেশের জন্য বড় বার্তা বলেও মনে করেন শান্ত। বিশেষ করে টেস্টে বাংলাদেশকে আরও বেশি শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ তৈরি হবে বলে আশা তার। ‘আমার মনে হয় আমরা বিশ্ব ক্রিকেটকে একটা ভালো মেসেজ দিতে পেরেছি যে আমরা যে কোনো কন্ডিশনে ভালো খেলার সামর্থ্য রাখি। ভবিষ্যতে আমরা এরকম কন্ডিশনে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাব এবং আমাদের স্বাগত জানানো হবে, এটাই আশা করি।’

শান্তর বিশ্বাস, নিয়মিত বড় দলের বিপক্ষে খেলার সুযোগ পেলে বাংলাদেশ নিজেদের সামর্থ্য আরও ভালোভাবে তুলে ধরতে পারবে। ‘ওই সুযোগটা যখন আমরা পাব, তখন আমাদের স্কিলটা আমরা দেখাতে পারব এবং এই ধরনের কন্ডিশনে কীভাবে খেলতে হয়, সেই আইডিয়াগুলো আমাদের হবে। আশা করব, এই জয়টা আমাদের ভবিষ্যতে টেস্ট ক্রিকেটের জন্য অনেক ভালো একটা স্মৃতি হয়ে থাকবে এবং সবাই আমাদেরকে এরকম কন্ডিশনে খেলার জন্য আরও বেশি বেশি স্বাগত জানাবে।’

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×