বাঘা বাঘাদের টুইটার হ্যাক করেছিল 'ক্ষুদেরা'
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০২০ | ০১:৪৩ | আপডেট: ১৮ জুলাই ২০২০ | ০২:০৬
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থেকে বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী, সেলিব্রিটি গায়ক থেকে শীর্ষ ধনী- বাঘা বাঘা ব্যক্তির টুইটার একাউন্ট হ্যাক করে নিয়েছিল ক্ষুদে কয়েক হ্যাকার। তারা সংঘবদ্ধ কোনো হ্যাকার চক্র বা রাশিয়ার মতো কোনো দেশের সহযোগী নয়। গত বুধবার হ্যাকাররা এই সব প্রভাবশালী ব্যক্তির অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে বিটকয়েনের বিভিন্ন ভুয়া পোস্ট টুইট করে। পরে তা হ্যাকারমুক্ত করা হলেও টুইটারের ইতিহাসে এত বড় মাপের হ্যাকিংয়ের ঘটনা আর ঘটেনি বলেই মত সাইবার বিশেষজ্ঞদের। এ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে তোলপাড়। খবর বিবিসি ও এনডিটিভির।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, অনলাইন জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস, বিলিওনিয়ার ওয়ারেন বাফেট, নিউইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গের অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়। হ্যাকাররা দখলে নেয় র্যাপসংগীত শিল্পী কেনি ওয়েস্ট, প্রযুক্তি বিশেষজ্ঞ এলন মাস্ক, প্রেসিডেন্ট প্রতিযোগী জো বাইডেনের টুইটার অ্যাকাউন্টও।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিলগেটসের টুইটার থেকে বার্তা ছড়ানো হয়, তুমি ১ হাজার ডলার দিলে ঘণ্টাখানেক পরে ২ হাজার ডলার ফিরিয়ে দেওয়া হবে। সময় মাত্র ৩০ মিনিট।
ওবামার টুইটার থেকে বলা হয়, ‘করোনাভাইরাসের মোকাবিলায় আমি সমাজের জন্য কিছু করতে চাই। আমার অ্যাকাউন্টে আপনারা ১০০০ বিটকয়েন দিলে আমি ২০০০ বিটকয়েন ফেরত দেব।’
এভাবে সবার টুইটার থেকেই ঘুরিয়ে ফিরিয়ে বিটকয়েন দেওয়ার ভুয়া বার্তা ছড়ানো হয়।
এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসে। এক টুইটে তিনি বলেন, এটা টুইটারের জন্য একটি খারাপ দিন। এমন ঘটনার জন্য আমরা সবাই বিব্রত।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৩০টি অ্যাকউন্ট হ্যাক করার পরিকল্পনা ছিল হ্যাকারদের। এই টার্গেটের একটি ছোট সংখ্যক অ্যাকাউন্ট তারা হ্যাক করতে পেরেছিল।
এই হ্যাকের ঘটনা তদন্তে এরইমধ্যে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই।
শুক্রবার নিউইয়র্ক টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, এসব হ্যাকাররা সংঘবদ্ধ কোনো সাইবার অপরাধী চক্র নয় কিংবা কোনো রাষ্ট্রীয় সাইবার হামলার সঙ্গেও জড়িত কেউ নয়।
এসব হ্যাকাররা তরুণ। এমন চারজনের সঙ্গে কথা বলতে পেরেছে পত্রিকাটি। এদেরই একজন জানিয়েছে, সে তার মায়ের সঙ্গে থাকে। এদের একেকজনে নাম অ্যাটরেট ওয়াই বা অ্যাটরেট সিক্স –এমন সব সংকেতে পাওয়া গেছে।
- বিষয় :
- হ্যাকার
- টুইটার
- একাউন্ট হ্যাক