মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: শ ম রেজাউল
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৪২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৪২
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ উন্নতি হয়েছে।
শনিবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখে।
তিনি আরও বলেন, সুনাগরিক হতে হলে লেখাপড়ার বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মানুষকে দূরে রাখে। সুস্থভাবে জীবন যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মিথ্যাচার, মাদক, সস্ত্রাস থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মুখ উজ্জল করতে হবে। দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম মুহিত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ।
এর আগে মন্ত্রী উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।