ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কক্ষ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ১৫

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কক্ষ ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ১৫
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৯:২০

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ ভাগাভাগি নিয়ে অ্যাপলাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের চারতলায় এ সংঘর্ষ হয়। এ সময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অফিস কক্ষসহ তিনটি শ্রেণিকক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মাহবুবা উদ্দিন, আরাফাত রহমান, শিক্ষার্থী নীলরঞ্জন, জীবন, সজীব আলী, এসিসিই বিভাগের শেখ আলিমুন হোসাইন, পপি বিশ্বাস এবং খবর সংগ্রহ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে কাজ করা সাংবাদিক সুকান্ত কুমারসহ অন্তত ১৫ জন আহত হন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষের কিছু অংশে কাঠের বেষ্টনী দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অফিস এবং অপর অংশ এসিসিই বিভাগের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ হিসেবে বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাত দিন আগে কাঠের বেষ্টনী সরিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থাই গ্লাস দিয়ে নতুন বেষ্টনী তৈরি করে। আর এই নতুন বেষ্টনী নিয়েই শুরু হয় দুই বিভাগের উত্তেজনা। এ ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক আরাফাত রহমান বলেন, আমরা নিজেদের কক্ষে বসে কাজ করার সময় এসিসিই বিভাগের শ্রেণিকক্ষ থেকে আসা শব্দে কাজ করতে সমস্যা হতো। তাই আমরা বাধ্য হয়ে থাই গ্লাস দিয়ে একটি বেষ্টনী দিয়েছি, যাতে আমাদের কাজে সমস্যা না হয়।

এদিকে এসিসিই বিভাগের একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের শ্রেণিকক্ষের জায়গায় নতুন বেষ্টনী দিয়ে কক্ষ সংকুচিত করে ফেলেছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। এতে আমরা শ্রেণিকক্ষে ঠিকমতো বসতে পারি না। সমস্যার কথা জানালে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে আমাদের গালগাল করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, হামলা, ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলে শুনেছি। দু'পক্ষের লিখিত বক্তব্য পাওয়ার পর সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×