চবিতে ছাত্রীকে লাঞ্ছনায় ছাত্র বহিষ্কার
ফাইল ছবি
চবি সংবাদদাতা
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ০৯:৩৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর বার্তা পাঠানোর দায়ে প্রবীর ঘোষ নামে এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাহী ক্ষমতাবলে বহিষ্কারের এ আদেশ দেন।
চবি প্রক্টর এস এম মনিরুল হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, বহিষ্কারাদেশ চলাকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল অথবা ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না ওই শিক্ষার্থী। এ আদেশ অমান্য করলে তাকে গ্রেপ্তারসহ ফৌজদারি মামলা দায়ের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে। বহিষ্কারাদেশ ১ মার্চ থেকে কার্যকর হবে।
প্রবীর ঘোষ বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের ছাত্র। অন্যদিকে ভুক্তভোগী ছাত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই বর্ষের। গত ১ মার্চ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের র্যাগ ডে শেষে ফেরার সময় রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কে ভুক্তভোগীকে জোর করে রং মেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন প্রবীর। পরে ওই ছাত্রীর সহপাঠীরা তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গত ৪ মার্চ জামিনে বের হন প্রবীর।
এ খবরে বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা তার ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়ে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন। এ ছাড়া ভুক্তভোগী ছাত্রী ও তার সহপাঠীরাও প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেন। রোববার সকালে একই দাবিতে আবারও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রক্টর অফিসে ডেকে ওই শিক্ষার্থীর বহিষ্কারের কথা জানানো হয়। পরে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
- বিষয় :
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
- বহিষ্কার
