ইউসিবিএল ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে
যশোর অফিস
প্রকাশ: ০৮ মার্চ ২০২০ | ১০:০৯
বন্ধকদাতার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ঋণের পরিমাণ বৃদ্ধি ও সোয়া চার কোটি টাকা আত্মসাতের মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) দুই কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালত।
রোববার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে স্পেশাল জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই দুই ব্যাংক কর্মকর্তা হলেন- ইউসিবিএল যশোর শাখার সাবেক ব্যবস্থাপক ইউসুফ আলী ও খুলনা শাখার বর্তমান অপারেশন ম্যানেজার স্বপন কুমার আইচ।
দুদকের পিপি আশরাফুল আলম বিপ্লব জানান, যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা আসাদুজ্জামান বাবু নিজ প্রতিষ্ঠানের নামে ইউসিবিএল ব্যাংক থেকে ২০০৯ সালের ১৮ মে এক কোটি ৪৫ লাখ টাকার ঋণ নেন। ওই ঋণের বিপরীতে তিনি তার ব্যবসায়িক অংশীদার এমএ তুহিন ও তার দুই ভাইয়ের ৫৫ দশমিক ৩২ শতাংশ জমি বন্ধক রাখেন।
তিনি জানান, চুক্তি অনুযায়ী ৬ মাসের মধ্যে ঋণ পরিশোধ করে সম্পত্তি দায়মুক্ত করার কথা। কিন্তু আসাদুজ্জামান বাবু ঋণ পরিশোধ না করে ব্যাংক ম্যানেজার ইউসুফ আলী ও ক্রেডিট ইনচার্জ স্বপন কুমার আইচের সহায়তায় বন্ধকদাতাদের স্বাক্ষর জাল করে তিনটি ডিড অব এগ্রিমেন্ট অব ফারদার চার্জ সম্পাদনের মাধ্যমে ঋণের অঙ্ক এক কোটি ৪৫ লাখ টাকা থেকে চার কোটি ২৫ লাখ টাকায় উন্নীত করেন এবং সব টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। পরে ঋণ পরিশোধের জন্য বন্ধকদাতাদের কাছে ব্যাংক চিঠি পাঠালে তারা টাকা আত্মসাতের বিষয়টি জানতে পারেন। এরপর বন্ধকদাতা এমএ তুহিন বাদী হয়ে আসাদুজ্জামান বাবুসহ ব্যাংক কর্মকর্তাদের নামে ২০১৮ সালের অক্টোবরে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
পিপি জানান, ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা ইউসুফ আলী ও স্বপন কুমার আইচ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে বিকেলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
