ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

রাজবাড়ীতে ওসিসহ আরও ৭ জনের করোনা শনাক্ত

রাজবাড়ীতে ওসিসহ আরও ৭ জনের করোনা শনাক্ত
×

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৪:৩৮

রাজবাড়ীতে কালুখালী থানার ওসি কামরুল হাসানসহ আরও সাতজনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে।

রোববার দুপুরে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সর্বশেষ রাজবাড়ী জেলার ১২০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। তার মধ্যে সাতজনের রিপোর্ট পজিটিভ। আক্রান্তদের মধ্যে কালুখালী থানার ওসি, পাংশার দুজন এবং বালিয়াকান্দি উপজেলা এলাকার চারজন রয়েছেন। নতুন আক্রান্তদের রাজবাড়ী সদর হাসপাতালে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে কালুখালী থানার ওসি কামরুল হাসানের আক্রান্তের মধ্য দিয়ে এ থানার তিনজন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

কালুখালী থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম জানান, থানার ওসি কামরুল হাসান কালুখালীর বোয়ালিয়ায় তার ভাড়া বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন।

রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম বলেন, আমরা শুরু থেকেই সতর্কতা অবলম্বন করে চলছি। ক্লাস্টার ভাগ করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর আগে কালুখালী থানার ২১ জনের করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে দুজনের পজিটিভ আসে। থানার ওসি কামরুল হাসানের শ্বশুর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি শ্বশুরকে দেখতে গিয়েছিলেন। শ্বশুরবাড়ি থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

আরও পড়ুন

×