ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
×

যশোর অফিস

প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০৭:৫৯

দীর্ঘ ৭৮ দিন বন্ধ থাকার পর রোবববার বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সড়কপথে আমদানি-রপ্তানি সচল হয়েছে। এদিন আমদানি পণ্যবাহী প্রথম চালানটি বেনাপোলে প্রবেশ করে বিকেল সাড়ে ৩টার দিকে। 

তবে এদিন বাংলাদেশ থেকে কোন পণ্য রপ্তানি হয়নি। অবশ্য কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, দু-একদিনের মধ্যে স্বাভাবিক হবে রপ্তানি কার্যক্রমও।

তারা আরও জানান, করোনার সংক্রমণ নিয়ে আশঙ্কা থাকায় সীমান্ত অতিক্রমের আগেই গাড়ি চালকদের পরীক্ষা করা হবে। এছাড়াও ট্রাকগুলো উভয় দেশে স্যানিটাইজ করা হবে। ফেরার সময়ও চালকদের পরীক্ষা করা হবে। একইসঙ্গে দ্রুত পণ্য খালাস করে দিনের মধ্যেই ট্রাকগুলো ফিরে যাবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান বলেন, আমদানি শুরু হওয়াতে তারা খুশি। রপ্তানি প্রক্রিয়াও দ্রুত শুরুর দাবি করেন তিনি।

করোনার কারণে গত ২৩ মার্চ থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করা হয়। গত ২৪ এপ্রিল ভারতের কেন্দ্রীয় সরকার বাণিজ্যের অনুমোদন দিলেও পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না থাকায় দীর্ঘদিন সড়কপথে বন্ধ ছিল ভারত-বাংলাদেশের বাণিজ্য। এর মধ্যে ৬ ও ৭ মে বিশেষ ব্যবস্থায় ১৫ ট্রাক ভুট্টা ও পাটবীজ আনা হয়। এরপর বনগাঁর শ্রমিকদের আন্দালনের মুখে ফের বন্ধ হয়ে যায় এ প্রক্রিয়া। 

সর্বশেষ গত বৃহস্পতিবার বিকেলে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দুই দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের মধ্যে বৈঠকে রোববার থেকে আমদানি-রপ্তানির বিষয়টি চূড়ান্ত হয়।

বৃহস্পতিবারের ওই বৈঠকে ভারতের উত্তর ২৪ পরগণা জেলার জেলাশাসক চৈতালি চক্রবর্তী, বনগাঁ পৌরসভার মেয়র শংকর আঢ্য ডাকুসহ কাস্টমস, পুলিশ, বিএসএফ ও পেট্রাপোল সিএন্ডএফ এজেন্টস, ট্রাক মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ছিলেন বেনাপোল বন্দর, কাস্টমস, বিজিবি ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন ও ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতারা। 





আরও পড়ুন

×