মাধবপুরে সৈয়দ ফয়সল
গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া
মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন হবিগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল। গতকাল সোমবার তোলা ছবি সমকাল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অবিচ্ছেদ্য অধ্যায়–এমনটাই বলেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, জাতির ক্রান্তিলগ্নে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া এ দেশের মানুষকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। তাঁর সেই ঐতিহাসিক ভূমিকার কারণে আজও তিনি জাতীয়তাবাদী শক্তির হৃদয়ে অমর হয়ে আছেন। সোমবার সকালে মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ ফয়সল। তিনি বলেন, শহীদ জিয়া শুধু একজন মুক্তিযোদ্ধাই নন, তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। একদলীয় শাসনের অবসান ঘটিয়ে তিনি দেশে মত ও পথের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। এ জন্য ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে খালেদা জিয়া দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকট অতিক্রম করেছে। বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শকে সামনে রেখে একটি আধুনিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেন সৈয়দ ফয়সল।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা সুমন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদুর রহমান প্রমুখ।
- বিষয় :
- জিয়া
