ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

চবিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ছাত্রলীগকর্মীর মারধর

চবিতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ছাত্রলীগকর্মীর মারধর
×

ফাইল ছবি

চবি সংবাদদাতা

প্রকাশ: ১০ নভেম্বর ২০১৯ | ২২:২১ | আপডেট: ১০ নভেম্বর ২০১৯ | ২২:২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দৃষ্টি প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। রোববার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম শুক্কুর আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

শুক্কুর আলমকে ছাত্রলীগকর্মী রিফাত হোসেন মারধর করেন বলে অভিযোগ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিসএ্যাবল স্টুডেন্ট সোসাইটির (ডিসকু) সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

রিফাত হোসেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী। 

ডিসকু সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, রোববার রাত আটটার দিকে খাবার কিনতে সোহরাওয়ার্দী হলের সামনের দোকানে যান শুক্কুর আলম। ছাত্রলীগ কর্মী রিফাত সেখানে তাকে অকারণে উত্ত্যক্ত করায় শুক্কুর আলম প্রতিবাদ করেন। রুটি কিনে সোহরাওয়ার্দী হলের সামনে আসলে পেছন থেকে এসে তার উপর লাঠি দিয়ে হামলা করে রিফাত। এসময়  কিল-ঘুষি, লাথির পর শুক্কুরের কিছুদিন আগে অপারেশন করা চোখেও আঘাত করা হয়।

এ ঘটনার পর রোববার রাতেই রিফাতের বিচারের দাবিতে সোহরাওয়ার্দী হলের সামনে বিক্ষোভ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিসএ্যাবল স্টুডেন্ট সোসাইটির সদস্যরা। 

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা শুভাশীষ চৌধুরী বলেন, চোখে আঘাত পাওয়ায়  শুক্কুর আলমকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে। ব্যথা না কমলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, প্রতিবন্ধী একটি ছেলেকে মারধর করা হয়েছে বলে শুনেছি। আমরা সোমবার লিখিত অভিযোগ দিতে বলেছি।

আরও পড়ুন

×