আটকে পড়া পর্যটকদের আনতে জাহাজ গেল সেন্টমার্টিনে
ফাইল ছবি/ইউএনবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০০:১০ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ | ০০:২৭
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে আটকে পড়া দেড় হাজার পর্যটককে ফিরিয়ে আনতে সোমবার সকালে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে রওনা দিয়েছে তিনটি জাহাজ।
জাহাজগুলো হচ্ছে- ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। সকাল সাড়ে ১০টায় দমদয়িা ঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে জাহাজগুলো ছেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। এরই অংশ হিসেবে দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সকালে সেন্টমার্টিনে তিনটি জাহাজ পাঠানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সকালে তিনটি জাহাজ পাঠানো হয়েছে। সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসা হবে। বিকেলে পর্যটকদের নিয়ে জাহাজগুলোর টেকনাফ ঘাটে পৌঁছার কথা রয়েছে।’
সেন্টমার্টিন ইউনিয়র পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য টেকনাফ থেকে তিনটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। এখানে আটকে পড়া পর্যটকদের আমরা সার্বক্ষণিক খোঁজ-খবর রেখেছি। এমনকি তাদের থাকা-খাওয়ায় ডিসকাউন্ট দেওয়া হয়েছিল।' তবে দ্বীপের ৫শ’ বাসিন্দা টেকনাফে আটকে পড়লেও কেউ তাদের খোঁজ-খবর নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আবহাওয়া বিরূপ থাকায় শুক্রবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটসহ সকল ধরনের নৌযান বন্ধ থাকে। সোমবার আবহাওয়া অনুকূলে থাকায় এই রুটে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচল শুরু হয়েছে।
- বিষয় :
- সেন্টমার্টিন
- সেন্টমার্টিনে আটকা
- টেকনাফ
