ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ঘূর্ণিঝড়ে বরিশালে ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড়ে বরিশালে ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
×

ঝড়ে উপড়ে যায় বিদ্যুতের খুঁটি- সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৩:২৩

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর আঘাতে বরিশালের ১০ উপজেলায় ৩ হাজার ৫০টি কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১ লাখ হেক্টর জমির আমন ধান, ৬ হাজার হেক্টর জমির রবি শষ্য, ১ লাখ গাছপালা, ১২০ কিলোমিটার কাঁচা সড়ক এবং ২২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা প্রশাসনের ক্ষয়ক্ষতির তালিকায় উঠে এসেছে এসব তথ্য।

এদিকে ব্যাপক বৃষ্টিতে নগরীর দুই-তৃতীয়াংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষের বসতবাড়িতে পানি ঢুকে পড়ায় এবং একটানা ৩০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। সোমবার বেলা ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পর সচল হয় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক।

রোববার দুপুরে বরিশালের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় বুলবুল। এ সময় জেলার উজিরপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মাদারশী এলাকায় ঘরের ওপর গাছ চাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা মারা যান।

জেলা প্রশাসনের ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী, ঝড়ে জেলায় ৫০টি প্রাথমিক ও ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৩৫টি ঘের ও পুকুর ডুবে মাছ ভেসে গেছে।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, তিনদিন বন্ধ থাকার পর সোমবার সকাল ১০টার পর থেকে বরিশালের সঙ্গে সারাদেশে সব ধরনের নৌ-যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে দ্রুত সময়ের মধ্যে তাদের যথাযথ সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

আরও পড়ুন

×