ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

মিঠাপুকুরে কৃষককে শ্বাসরোধে হত্যা, আটক ২

মিঠাপুকুরে কৃষককে শ্বাসরোধে হত্যা, আটক ২
×

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ০৪:৪২

রংপুরের মিঠাপুকুরে জমিজমা নিয়ে পারিবারিক কলহের জেরে আজগার আলী (৫২) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 

সোমবার সকালে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের দুই শ্যালককে আটক করেছে। 

তারা হলেন- গোলাম মোস্তফা ও মোকছেদ আলী। তারা পার্শ্ববর্তী ভক্তিপুর গ্রামের মৃত ছালেক হোসেনের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাণীপুকুর ইউনিয়নের হর নারায়ণপুর শিমুল বাজার এলাকার আলেফ উদ্দিনের ছেলে আজগার আলী সম্প্রতি পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে স্থানীয় বাজারে মুদির দোকান দেন। পরে দোকানটিও বিক্রি করেন। বর্তমানে তিনি বেকার জীবনযাপন করছেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ শুরু হয়। 

অভিযোগ রয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে রোববার রাতে বেধড়ক মারধরের পর গলায় গামছা পেঁচিয়ে আজগারকে শ্বাসরোধে হত্যা করে স্বজনেরা। এরপর বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার লাশ ফেলে রাখা হয়। 

সোমবার আশপাশের লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। মরদেহের বাম হাতের কনুই থেঁতলানো এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। 

এ ঘটনায় নিহতের ভাই ওয়াজেদ আলী বাদী হয়ে এজাহারনামীয় তিনজনসহ অজ্ঞাত পরিচয় আরও ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণেই আজগারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। 



আরও পড়ুন

×