কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ১০:৫৪
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশফেরত সবার বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা এ নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার রাজধানীর মতিঝিলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে 'মুজিব কর্নার' উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। উপস্থিত ছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, পরিচালক লকিয়ত উল্লাহ, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, এ কে এম মোস্তাফিজুর রহমান, স্পন্সর ড. রফিকুল ইসলাম খান, মোহাম্মদ শফিকুল ইসলাম, শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুখতার হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তালহা, উপব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমেই দেশের অর্থনৈতিক মুক্তি আসবে। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনিপুণ দিকনির্দেশনায় এনআরবিসি ব্যাংক কাজ করে চলেছে।
