ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের আবেদন করলে সরকার বিবেচনা করবে: অ্যাটর্নি জেনারেল

খালেদা জিয়ার দণ্ড স্থগিতের আবেদন করলে সরকার বিবেচনা করবে: অ্যাটর্নি জেনারেল
×

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০ | ০২:৪৭

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

মাহবুবে আলম বলেন, সাধারণত কেউ অনেক দিন ধরে সাজা খাটার পরে সাজা সাসপেন্ড (স্থগিত) করা হয়। সরকার বিশেষ বিবেচনায় এটা (সাজা স্থগিত) করতে পারে। তারা যদি সে রকম মামলা করতে পারে, সেটা সরকারের ব্যাপার।

তিনি আরও বলেন, জেলখানায় যারা থাকেন ও বহুদিন কারাদণ্ড ভোগ করেন ৪০১ (১) ধারা (ফৌজদারি কার্যবিধি) অনুযায়ী তাদের নানা বিষয় বিবেচনায় অনেক সময় সাজা স্থগিত করা হয়। কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন, সেই বিষয়ে সরকার দেখবে।  

এর আগে ৯ জানুয়ারি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুয়ায়ী খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে তার ইচ্ছামতো দেশে বা দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

×