বিজিএমইএ'র আশ্বাসে রাস্তা ছাড়লেন পোশাক শ্রমিকরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ০০:৫৩ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ | ০১:৪৪
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার কর্মীরা। বিজিএমইএ'র প্রতিনিধি দলের আশ্বাসে আড়াই ঘণ্টা পর রাজধানীর শ্যামলীর সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে যান চলাচল শুরু হয়েছে ওই সড়কে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগানও দেন। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। নিউ মার্কেট থেকে গাবতলীর পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন চলতি পথের যাত্রীরা। ওই সড়কে বেশ কয়েকটি হাসপাতাল থাকায় রোগী এবং স্বজনরাও বিপাকে পড়েন।
দুপুর পৌনে ১২টার দিকে বিজিএমইএ'র একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলেও শ্রমিকরা বিক্ষোভ করতে থাকেন। পরে দুপুর ২টার মধ্যে শ্রমিক প্রতিনিধি দলকে নিয়ে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের ঘোষণা এবং দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার বিজয় কুমার তালুকদার জানান, ডায়নামিক গার্মেন্টস নামের একটি কারখানার শ্রমিকরা সড়ক আটকে রাখায় শ্যামলী হয়ে মিরপুর রোডে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দেয়।
ডিএমপি মোহাম্মদপুর জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শ্যামলী ও কল্যাণপুরের মাঝামাঝি জায়গায় শ্রমিকরা সড়ক অবরোধ করায় প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে।
- বিষয় :
- পোশাক শ্রমিকদের বিক্ষোভ
- সড়ক অবরোধ
