ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইভিএম থেকে ইসিকে সরে আসার আহ্বান তাবিথ আউয়ালের

ইভিএম থেকে ইসিকে সরে আসার আহ্বান তাবিথ আউয়ালের
×

বৃহস্পতিবার সকালে বসুন্ধরা সিটির সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল -সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ০১:২২

ঢাকা সিটি করপোরশন নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির বিএনপি মনোনিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, তারা প্রযুক্তি বিরোধী নন, কিন্তু  ভোট দেওয়ার ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহার নিয়ে তাদের আশঙ্কা ও আপত্তি রয়েছে। কারণ নির্বাচন কমিশন নিজেরাই স্বীকার করেছেন ইভিএম ব্যবহার করার মতো নিজস্ব লোকবল তাদের নেই, এ প্রযুক্তি ব্যবহার করতে তাদের লোক ধার করতে হচ্ছে। তাছাড়া, ইভিএম ব্যবহার করতে দেশের মানুষ এখনো প্রস্তুত নয়।

বৃহস্পতিবার নির্বাচনী গণসংযোগকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে ইসির অংশীজন হচ্ছে রাজনৈতিক দল ও ভোটাররা। দেশের বেশিভাগ রাজনৈতিক দল ও ভোটাররা ইভিএম ব্যবহারের বিপক্ষে, কিন্তু ইসি এখনো ইভিএম ব্যবহার না করার বিষয়ে আমাদের কিছুই জানায়নি।

ডিএনসিসির এ মেয়র প্রার্থী বলেন, ইভিএম এর সফটওয়্যার ও এর ব্যবহারের নানা বিষয় নিয়ে ইসির কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তারা, কিন্তু এখনো ইসি এ বিষয়ে কিছুই জানায়নি। নির্বাচন কমিশনকে বলবো, দেশের বেশিরভাগ রাজনৈতিক দল ভোটারদের ইচ্ছার কথা বিবেচনায় এনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসুন।

বৃহস্পতিবার সকালে বসুন্ধরা সিটির সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তাবিথ আউয়াল। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নগর উন্নয়নে ভূমিকা রাখতে ধানের শীষ প্রতীকে ভোট চান। 

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির গণজোয়ার দেখে সরকারী দলের প্রার্থীরা ভয় পেয়ে উল্টো বিএনপির প্রার্থীদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমাদের ভয় দেখানোর চেষ্টা না করে ভোটারদের কাছে যান, ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, নিপুন রায় চৌধুরী, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সহ-সভাপতি বজলুল বাসিদ আঞ্জু, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি গোলাম সরোয়ার, কমিশনার প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ার, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন

×