ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

৩১ মে’র মধ্যে বিটিআরসিকে আরও ১ হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন

৩১ মে’র মধ্যে বিটিআরসিকে আরও ১ হাজার কোটি টাকা দেবে গ্রামীণফোন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২০ | ১৩:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ মে’র মধ্যে আরও এক হাজার কোটি টাকা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে জমা দেবে গ্রামীণফোন। সোমবার গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে আদালতের নির্দেশে গত ২৩ ফেব্রুয়ারি বিটিআরসিতে ১ হাজার কোটি টাকা জমা দিয়েছিল গ্রামীণফোন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন বাংলাদেশের আইন ব্যবস্থা ও সুপ্রিম কোর্টের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। একই সঙ্গে গ্রামীণফোন তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলতে চায় বিটিআরসির অডিট আপত্তি ও পাওনা দাবি একটি বিরোধপূর্ণ বিষয়। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আদালতের বাইরে অথবা আদালতে গ্রামীণফোন এই বিরোধের নিম্পত্তি করতে আগ্রহী।

বিটিআরসির অডিট দাবি অনুযায়ী গ্রামীণফোনের কাছে পাওনার পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা। গ্রামীণফোন শুরু থেকেই এ অডিটকে ত্রুটিপূর্ণ দাবি করে। বিটিআরসি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তিতে রাজি না হওয়ায় গ্রামীণফোন গতবছর আদালতের দ্বারস্থ হয়। গ্রামীণফোনের আবেদনে গত ১৭ অক্টোবর বিটিআরসির নিরীক্ষা আপত্তি দাবির নোটিসের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। বিটিআরসি লিভ টু আপিল করলে আপিল বিভাগ ২৪ নভেম্বর গ্রামীণফোনকে দুই হাজার কোটি টাকা দিতে নির্দেশ দেয়। 

আরও পড়ুন

×