মন্দিরে বেদেদের হামলায় শিশুসহ আহত ৫, আটক ৫
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:০৮
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মন্দির, হিন্দু বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বেদে সম্প্র্রদায়ের কয়েক যুবক। মঙ্গলবার উপজেলার গোয়ালীমান্দ্রায় হিন্দু পল্লিতে এ ঘটনা ঘটে।
বেদে যুবকরা স্থানীয় শীতলা মন্দিরের শীতলা মূর্তি ভাঙচুর করে ও পাশের সবুজ দাসের বাড়িতে হামলা চালায়। এতে সবুজ দাস, তার স্ত্রী নীলা রাণী দাস, তাদের শিশুপুত্র সৈকত দাস, সবুজের অসুস্থ বাবা নরেন চন্দ্র দাস ও সবুজের মা মিলন রাণী দাস আহত হন। আহতদের মধ্যে সবুজ ও তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচ বেদে যুবককে আটক করেছে লৌহজং থানা পুলিশ।
সরেজমিন ও আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে গোয়ালীমান্দ্রার কালিরখিল মাঠে ১৫-২০ জন বেদে কিশোর-যুবক ক্রিকেট খেলছিল। মাঠের পাশ দিয়ে সবুজ দাস গোয়ালীমান্দ্রা হাট থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ক্রিকেট বল গায়ে লাগলে তিনি প্রতিবাদ করেন। কিশোর-যুবকরা ক্ষিপ্ত হয়ে সবুজকে চড়-থাপ্পড় দেয়।
এ দৃশ্য দেখে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে, বেদে ছেলেরা পিছু হটে। এ সময় একটি বেদে ছেলের ক্রিকেট খেলার ব্যাট রেখে দেয় লোকজন। মুরুব্বিরা এলে ব্যাট ফেরত দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয় ছেলেটিকে। কিন্তু গুজব ছড়ায়, একটি বেদে ছেলেকে হিন্দুরা আটকে রেখেছে। পরক্ষণেই ৪০-৫০ জনের বেদে যুবকের দল মাঠের পাশে শীতলা মন্দিরের গেট ভেঙে মূর্তি ফেলে দেয়।
প্রত্যক্ষদর্শী গৃহবধূ তানিয়া জামান জানান, সবুজের বাড়িতে এসে বসতঘরে লাঠিসোটা দিয়ে বাড়িঘর ভাঙচুর করে বেদেরা। তারা ঘরে ঢুকে চ্যালা কাঠ দিয়ে সবুজ ও তার স্ত্রীকে আঘাত করে। তার স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে ১ বছরের সৈকতকে মাটিতে ফেলে দেয়। এ সময় সবুজকে রক্ষা করতে এসে তার বৃদ্ধ মা-বাবাও হামলার শিকার হন।
দুপুর ১টার দিকে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলা ২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান ও লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন।
লৌহজং থানার ওসি জানান, মন্দিরের কাঠের তৈরি গেট ভাঙা ও শীতলা মূর্তিটি মাটিতে পড়ে থাকতে দেখেছি, তবে কোনো ক্ষতি হয়নি। সন্দেহভাজন পাঁচ বেদে যুবককে আটক করা হয়েছে। তদন্ত চলমান। এ ঘটনায় লৌহজং থানায় একটি মামলা হয়েছে।
- বিষয় :
- মন্দিরে বেদেদের হামলা
- আটক
- লৌহজং
