ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

মশা নিধনে ২০ কোটি টাকা চায় চসিক

মশা নিধনে ২০ কোটি টাকা চায় চসিক
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:২৫

মশা নিধনে ২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। 

মঙ্গলবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে সিটি করপোরেশনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরে মশার উৎপাত বেড়েছে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মশা নিধনে নালা-নদর্মা পরিস্কার ও বাসা-বাড়িতে মশার প্রজনন ধ্বংসের জন্য ওষুধ ছিটাতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, শুষ্ক মৌসুমে মশার বিস্তারের উপযুক্ত সময়। ফলে নগরীতে মশার উপদ্রব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বাসা-বাড়িতে মশার উপদ্রবে নগরবাসী অতিষ্ঠ হয়ে উঠছে। নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে চসিককে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। আর্থিক অনটনের কথা বলে বসে থাকলে নগরবাসীর অভিযোগ থেকে পার পাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের আর্থিক ক্ষমতা অত্যন্ত সীমিত। বলতে গেলে আয়-ব্যয় প্রায়ই সমানে সমান। এই পরিস্থিতিতে মশার প্রজনন এবং উড়ন্ত মশা ধ্বংস করার জন্য ওষুধ ও যন্ত্রপাতি ক্রয় ব্যতিত চসিকের সামনে কোনো পথ খোলা নেই।' 

এডালটিসাইড ও লার্ভিসাইডসহ যন্ত্রপাতি কিনতে ২০ কোটি টাকার আর্থিক সহযোগিতা চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

সিটি করপোরেশনের সচিব আবু শাহেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেমসহ প্যানেল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররা।

আরও পড়ুন

×