খাবারের সন্ধানে লোকালয়ে আসার অপরাধে...
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ মে ২০২০ | ১১:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
অপরাধ ছিল খাবারের সন্ধানে তারা লোকালয়ে চলে এসেছিল। এমন অপরাধের জন্য তাদের প্রাণ দিয়ে মূল্য দিতে হলো। একটি-দুটি নয়, ৯টি বণ্যপ্রাণীকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার ফতেহপুর গ্রামে। লোকালয়ে এসে হাঁস-মুরগী খাওয়ার অপরাধে শুক্রবার সকালে গ্রামবাসী ৬টি শেয়াল, একটি বেজি ও দুটি বড় বাঘডাশাকে পিটিয়ে মেরে ফেলে।
দুপুরে ফতেহপুর গ্রামের বাসিন্দা ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক কে এইচ জাকির পিটিয়ে মেরে ফেলা প্রাণীগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।
ছবিতে দেখা যায়, গ্রামবাসী পিটিয়ে প্রাণীগুলো হত্যার পর সারি বেঁধে ফেলে রেখেছেন। পাশে লাঠিসোটা হাতে গ্রামের বিভিন্ন বয়সের মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, কয়েকদিনের ঢলে এলাকায় পানিবৃদ্ধি পাওয়ায় পাশের জঙ্গলের শেয়াল লোকালয়ে এসে হাঁস-মোরগ খেয়ে ফেলছিল। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার গ্রামের লোকজন সমবেত হয়ে জঙ্গলে হানা দিয়ে প্রাণীগুলোকে পিটিয়ে মেরে ফেলে।
বনবিভাগের জৈন্তাপুর রেঞ্জের কর্মকর্তা সাদ উদ্দিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে (মেম্বার) ঘটনাস্থলে পাঠিয়েছেন।
সাদ উদ্দিন বলেন, বন্যায় খাবার সংকটের কারণে বণ্যপ্রাণী লোকালয়ে এলেও তাদের পিটিয়ে মেরে ফেলা শাস্তিযোগ্য অপরাধ। এই ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাজ্জাদ হোসেন।