করোনায় দেশের প্রথম ব্রাদারের মৃত্যু
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ মে ২০২০ | ১৩:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেটে করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে গিয়ে নিজেই আক্রান্ত হয়ে অবশেষে মারা গেলেন ব্রাদার (পুরুষ নার্স) রুহুল আমিন। তিনি নগরীতে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কর্মরত ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সারাদেশে করোনাকালীন সময়ে ব্রাদারদের মধ্যে রুহুল আমিন প্রথম করোনায় মারা গেলেন।
করোনায় আক্রান্ত হয়ে দেশে চিকিৎসকদের মধ্যে সর্বপ্রথম মারা গিয়েছিলেন ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম আক্রান্ত হিসেবে তিনি শনাক্ত হওয়ার ১০ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার সন্ধ্যার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল বলে জানান শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র। এই সহকর্মীকে হারিয়ে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ব্রাদার রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি শুনে সন্ধ্যায় পর হাসপাতালে ছুটে এসেছিলেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান, উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, এনেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. ময়নুল হোসেন ডালিম, ডা. সুশান্ত কুমার মহাপাত্রসহ সংশ্লিষ্টরা।