নারায়ণগঞ্জে ধর্ষণের শিকার প্রতিবন্ধী বৃদ্ধা
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২০ | ১৩:৫০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নারায়ণগঞ্জে ৬০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরের পুরান সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর মেয়ে সদর মডেল থানায় মামলা করলে পুলিশ এলাকাবাসীর সহায়তায় ধর্ষক আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করে। আলমগীর একই এলাকার গফুর মিয়ার ছেলে।
সদর মডেল থানার এসআই শামীম হোসেন ওই প্রতিবন্ধীর পরিবারের বরাত দিয়ে বলেন, ওই নারী মানসিক প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই রাতের বেলায় এলাকায় ঘুরে বেড়ান। বৃহস্পতিবার রাতেও এলাকায় ঘোরাফেরা করার সময় একই এলাকার আলমগীর এলাকার একটি ফাঁকা জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে। বাড়ি ফিরে ওই নারী ঘটনাটি তার বাড়ির লোকদের জানান। শুক্রবার সকালে তার মেয়ে সদর মডেল থানায় মামলা করলে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে।