কলেজছাত্রীকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন
কলেজের ছাত্রী সুমী রানী দেবকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত বখাটের শাস্তির দাবিতে সোমবার শিক্ষার্থীদের মানববন্ধন- সমকাল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ১০:৩৭
রাজনগর সরকারি কলেজের ছাত্রী সুমী রানী দেবকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় জড়িত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন রাজনগর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার দুপুরে উপজেলার কুলাউড়া-সিলেট সড়কের কলেজ পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত শনিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের চৌধুরীবাজার এলাকায় মাসুম নামের বখাটের হামলার শিকার হন কলেজছাত্রী সুমী রানী দেব। হামলাকারী এক বখাটেকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহূত একটি ছুরিও উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বখাটে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে এখন জেলহাজতে রয়েছে। আহত সুমী রানী দেব বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মানববন্ধনে জড়িত হামলাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন- রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানারা রুবি, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রামানন্দ দেবনাথ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী প্রমুখ।
- বিষয় :
- মানববন্ধন
- কলেজছাত্রীকে ছুরিকাঘাত
- রাজনগর
