ভল্ট ভেঙে দুর্ধর্ষ চুরি
বেনাপোল কাস্টম হাউসের পরিদর্শক ও ৫ সিপাহি সাসপেন্ড
ফাইল ছবি
যশোর অফিস ও বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ১০:৫০
বেনাপোল কাস্টম হাউসের ভল্ট ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনায় পরিদর্শক শাহাবুল সর্দারসহ পাঁচ সিপাহিকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। টানা তিন দিনের ছুটি শেষে সোমবার অফিস খোলার পর চুরির ঘটনা প্রকাশ পায়। তবে বিষয়টি নিয়ে দিনভর লুকোচুরির পর সন্ধ্যায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করে কাস্টমস কর্তৃপক্ষ।
এদিন দুপুরে বেনাপোল কাস্টম হাউসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশাল বহরের উপস্থিতিতে বিষয়টি জানাজানি হয়। বিকেলে সিআইডির ক্রাইম সিনের একটি টিমও সেখানে যায়।
সূত্র জানায়, পুরোনো কমিশনার ভবনের দ্বিতীয় তলার ভল্টটির তদারক করতেন পরিদর্শক শাহাবুল। এদিন সকালে তিনি অফিসকক্ষে ঢুকেই ভল্টটির তালা ভাঙা দেখতে পান। ওই ভবনের সিসি ক্যামেরার সংযোগ কেবলও বিচ্ছিন্ন ছিল।
একজন অতিরিক্ত কমিশনার জানান, সেখানে আসলে কী ঘটেছে, সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহের পর বিষয়টি খতিয়ে দেখবে। ফলে ভল্ট থেকে কী পরিমাণ জিনিস খোয়া গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তাতে বিভিন্ন সময়ে জব্দ করা স্বর্ণ, অস্ত্র ও বিদেশি মুদ্রা রাখা ছিল।
বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান বলেন, গোয়েন্দারা চুরির আলামত সংগ্রহ করছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মামলা হয়নি।
- বিষয় :
- বেনাপোল
- কাস্টম হাউস
