অটোরিকশা চালকের সততা...
সিএনজিচালিত অটোরিকশা চালক হযরত আলী মৃধা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৯ | ১০:৫১
যাত্রীর ফেলে যাওয়া ১ লাখ ১৩ হাজার টাকা ফেরত দিলেন সিএনজিচালিত অটোরিকশা চালক হযরত আলী মৃধা। শ্রীপুর চৌরাস্তা থেকে বরমী যাওয়ার জন্য আতিকুল ইসলাম নামে এক পান-সুপারি বিক্রেতা ৩০ টাকা ভাড়ায় ওই অটোরিকশায় চড়েন। গন্তব্যে পৌঁছার পর তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ভুলে অটোরিকশার সিটে রেখে চলে যান।
চালক হযরত আলী টাকার ব্যাগ হাতে নিয়ে লোকজন ডেকে জড়ো করে টাকা পাওয়ার কথা বলেন। পরে শ্রীপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আতিক এসে চালকের কাছ থেকে টাকা নিয়ে যান। সোমবার অটোরিকশা চালকের এই সততার ঘটনাটি ঘটেছে উপজেলার বরমী বাজারে।
মালপত্র কেনার জন্য আতিক টাকা নিয়ে হযরত আলীর অটোরিকশায় চড়ে বরমী বাজারে যান। কিন্তু ভুলে টাকার ব্যাগটি অটোরিকশার সিটের ওপর ফেলে যান। আতিক জানান, মালপত্র কেনার পর দোকানিকে দাম দিতে গিয়ে টের পান তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি নেই। পরে দ্রুত দৌড়ে তিনি সিএনজি স্ট্যান্ডে গিয়ে দেখেন চালককে ঘিরে লোকজন ভিড় করে আছে। ইতোমধ্যে পুরো বাজারে এই টাকা পাওয়ার খবর ছড়িয়ে পড়ে।
বরমী গ্রামের মহর আলী মৃধার ছেলে চালক হযরত আলী জানান, টাকার ব্যাগটি পাওয়ার পর তিনি ওই যাত্রীর পেছনে ছুটেছেন; কিন্তু তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের কাছে বিষয়টি বলার পর তারা অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে টাকার মালিক আতিক এসে তাকে জড়িয়ে ধরেন।
